ইইউর দেশগুলোয় রপ্তানিতে বড় প্রবৃদ্ধির প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জিএসপি বা শুল্ক ছাড় নীতিমালা (রুলস অব অরিজিন) শিথিল করায় ইইউর দেশগুলোতে বাংলাদেশের সার্বিক রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি আশা করা হচ্ছে।তবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, এই শিথিলতার মধ্যে কিছু চ্যালেঞ্জও আছে। বিশেষ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি, পোশাক খাতের পশ্চাৎসংযোগ শিল্প ও ইইউর দেশগুলোর সঙ্গে অন্য একক দেশের বাণিজ্য চুক্তি (এফটিএ) এ ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। তিনি অবশ্য নতুন শিথিল রুলস অব অরিজিনের কারণে সার্বিকভাবে ইইউর দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি অতিরিক্ত ৩০০ কোটি ডলার বৃদ্ধির আশা প্রকাশ করেন।রাজধানীর ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত ‘ইইউ-বাংলাদেশ বাণিজ্য: সর্বশেষ পরিস্থিতিতে উন্নয়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী গতকাল বুধবার এ বক্তব্য দেন।ইইউর ঢাকা দূতাবাস এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব এন্ডু বার্নার্ড ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা জিল্লুল হাই রাজী।বাণিজ্যমন্ত্রী বলেন, রুলস অব অরিজিন শিথিল হওয়ায় আশা করি দেশের রপ্তানি ৩০০ কোটি ডলার বেড়ে যাবে। তবে এ বিষয়ে বস্ত্র খাতের শিল্পপতিদের মধ্যে ভীতি আছে। তাঁরা ভয় পাচ্ছেন, হয়তো বিদেশ থেকে কাপড় এনে সেলাই করে রপ্তানি করতে গিয়ে দেশের কাপড় অব্যবহূত থেকে যাবে। এ বিষয়ে সরকার তাঁদের সঙ্গে বসে করণীয় ঠিক করবে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ফারুক খান ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানান।মন্ত্রী ইইউর দেশগুলোর অন্য এক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বিষয়ে বলেন, এই এফটিএ হলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য যে জিএসপি-সুবিধা রয়েছে, তা কমে আসবে। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, কোনো দেশে মানবিক বিপর্যয় হলে সে দেশে অনুদান দেওয়া চলে, কিন্তু বাণিজ্য-সুবিধা নয়। অনুদান ও বাণিজ্য এক নয়।অন্য দেশের ভুলের কারণে কীভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার চিংড়ি রপ্তানিতে ক্ষতির বিষয়টি ইইউর ভুলে হয়েছে।প্রসঙ্গত, আগামী ১ জানুয়ারি থেকে জিএসপি-সুবিধা অর্জনে ইইউ তাদের রুলস অব অরিজিন শিথিল করেছে। জিএসপি বা জেনারালাইজ সিস্টেম অব প্রেফারেন্স হলো স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে বিশেষ শুল্ক ছাড় বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার। এলডিসি ছাড়া অন্য দেশগুলো ইইউর দেশগুলোতে রপ্তানি করতে গেলে ১২ শতাংশ হারে শুল্ক দিতে হয়। কিন্তু এলডিসি এই জিএসপি প্রত্যয়নপত্র নিলে কোনো শুল্ক দিতে হবে না। এই জিএসপি পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে, যাকে রুলস অব অরিজিন বা পণ্যের উৎসবিধি বলা হয়। এত দিন ধরে দুই ধাপ উৎপাদন অর্থাৎ সুতা থেকে কাপড় ও কাপড় থেকে পোশাক উৎপাদন করা হলে সেই পোশাক রপ্তানিতে ইইউ বাংলাদেশকে জিএসপি-সুবিধা দিত। এই রুলস অব অরিজিন শিথিল করে এখন করা হয়েছে এক ধাপ, অর্থাৎ বিশ্বের যেকোনো দেশ থেকে কাপড় এনে সেলাই করে পোশাক তৈরি করলেই জিএসপি-সুবিধা। পোশাক ছাড়া অন্য পণ্যে (অস্ত্র ছাড়া) স্থানীয় মূল্য সংযোজন ৩০ শতাংশ হলেই জিএসপি-সুবিধা পাওয়া যাবে।রুলস অব অরিজিন শিথিল করায় বিশেষত বস্ত্র খাতের শিল্পমালিকদের ধারণা হয়েছে, এতে দেশের বস্ত্র মিলগুলো ক্ষতিগ্রস্ত হবে। পোশাকশিল্পগুলো বিদেশ থেকে কাপড় এনে সেলাই করেই তা জিএসপি-সুবিধা নিয়ে ইইউর দেশগুলোতে রপ্তানি হয়ে যাবে।সেমিনারের প্রশ্নোত্তর পর্বে এসব বিষয়ে জবাব দেন জিল্লুল হাই রাজী। তিনি বলেন, পণ্যের উৎসবিধি শিথিল করায় বাংলাদেশ পোশাক খাতসহ সব ক্ষেত্রেই লাভবান হবে। তিনি মনে করেন, এর ফলে বাইসাইকেল ও ইলেকট্রনিক শিল্পে বাংলাদেশের বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের বস্ত্র মিলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে জবাব দিতে গিয়ে জনাব রাজী বলেন, এ ক্ষেত্রে লিড টাইম বা রপ্তানির সময়টা মনে রাখা দরকার। স্থানীয়ভাবে কাপড় সংগ্রহ করতে পারলে রপ্তানিকারকেরা বিদেশ থেকে এনে মোটেই সেই কাপড়ে পণ্য তৈরি করে রপ্তানি করবেন না। তিনি এতে দেশের বস্ত্র খাতে বড় ধরনের প্রতিক্রিয়া হবে না বলে ধারণা পোষণ করেন।একইভাবে জনাব রাজী বলেন, এতে দেশে বরং নতুন প্রাথমিক শিল্প গড়ে উঠবে। স্থানীয়ভাবে এই শিল্পের জন্য অর্থের ঘাটতি থাকলে বড় বিদেশি বিনিয়োগও হবে এই খাতে।