ইইউর নতুন জিএসপিতে বাংলাদেশের ক্ষতি নেই
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বছরের ১ জানুয়ারি থেকে নতুন পদ্ধতিতে জিএসপি-সুবিধা প্রদান করছে। এর আওতায় ইইউর বাজারে বাংলাদেশ নতুন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। এ ক্ষেত্রে তৈরি পোশাক খাত কিছুটা চাপের মুখে পড়তে পারে, তবে তা উদ্বেগজনক নয়।
বাংলাদেশের ওপর ইইউর সংশোধিত জিএসপির প্রভাব বিশ্লেষণ করে এমন উপসংহারেই পৌঁছেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। প্রতিষ্ঠানটির পরিচালক মোস্তফা আবিদ খান আজ বৃহস্পতিবার ঢাকায় এক সেমিনারে এই বিশ্লেষণ তুলে ধরেন।
উল্লেখ্য, জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) হলো ইইউভুক্ত দেশগুলোয় শর্তসাপেক্ষে শুল্কমুক্ত বাজার-সুবিধা পাওয়ার পদ্ধতি। এই পদ্ধতিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইইউতে শুল্কমুক্ত ও কোটামুক্তভাবে পণ্য রপ্তানি করতে পারে। তবে এখানে রুলস অব অরিজিন বা উৎসবিধির শর্ত পরিপালন করতে হয়। উৎসবিধি বলতে সাধারণত কোনো পণ্য উৎপাদনে কী পরিমাণ কাঁচামাল স্থানীয় উৎস থেকে ব্যবহার করতে হয় ও কীভাবে করতে হয়, তা বুঝিয়ে থাকে।
বিএফটিআইর বিশ্লেষণ দেখায় যে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) পোশাকসহ প্রধান পণ্যগুলোয় ইইউতে যেখানে বাংলাদেশের মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে, সেখানে এসব পণ্যে পাকিস্তানের মোট রপ্তানি বেড়েছে প্রায় ১৭ শতাংশ।
আলোচ্য সময়কালে পোশাক ও বস্ত্র খাতের মধ্যে বাংলাদেশি হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে ৩ শতাংশ, যেখানে পাকিস্তানের বেড়েছে প্রায় ২৭ শতাংশ। অন্যদিকে বাংলাদেশি ওভেন ও নিট পোশাক রপ্তানি যে হারে বেড়েছে, পাকিস্তানি পণ্যদ্বয় তার চেয়ে বেশি হারে বেড়েছে।
মোস্তফা আবিদ খান বলেন, ‘মনে হচ্ছে পাকিস্তান জিএসপির অধিকতর সদ্ব্যবহার করতে পারছে। আর তাই বাংলাদেশি পোশাককে আগামী দিনে আরেকটু প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবে এই চাপটা অনেক বেশি হবে হোম টেক্সটাইল পণ্যে।’
ইইউতে তৈরি পোশাকের প্রধান সরবরাহকারী সাত দেশের ওপর পাকিস্তানের জিএসপি-সুবিধা পাওয়ার প্রভাব বিশ্লেষণ করে আবিদ দেখান যে পাকিস্তানের রপ্তানি ১০০ কোটি ডলারের মতো বাড়তে পারে। তবে পাকিস্তান যে পরিমাণ রপ্তানি করবে, তার প্রায় ৭০ শতাংশই হবে বাণিজ্য সৃষ্টির (ট্রেড ক্রিয়েশন) মাধ্যমে। বাকি ৩০ শতাংশ হবে বাণিজ্য স্থানান্তরের (ট্রেড ডাইভারশন) মাধ্যমে। এই ৩০ শতাংশের মধ্যে বেশির ভাগটাই আবার চীনের ব্যবসা কমে গিয়ে পাকিস্তানের ব্যবসা বাড়বে। এ ছাড়া তুরস্ক, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার রপ্তানি অল্প করে কমে গিয়ে যোগ হবে পাকিস্তানের রপ্তানির সঙ্গে।