ইইউর বাজারে বস্ত্র খাতে শুল্কমুক্ত সুবিধা চায় ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের মতো শুল্কমুক্ত বাজারসুবিধা চায় ভারত। ইতিমধ্যে ভারতের বস্ত্র মন্ত্রণালয় এই বিষয়ে জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছে।
ভারতের বস্ত্রমন্ত্রী কে এস রাও বিজনেস লাইন পত্রিকাকে বলেছেন, ‘আমরা এখন সরকারিভাবে আলোচনা করছি, সমঝোতার চেষ্টা করছি। আমরা চাই তারা (ইইউ) যেন আমাদের বাংলাদেশ ও পাকিস্তানের মতো সুবিধা দেয়। এটা ভারতীয় রপ্তানিকারকদের সমত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য জরুরি।’
কে এস রাও আরও জানান, ইতিমধ্যে বস্ত্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে যেন বস্ত্র রপ্তানিকারকদের নিম্নহারে মানে ৩ থেকে ৪ শতাংশ হারে ঋণের সুদের ব্যবস্থা করার জন্য। এটা ভারতীয় বস্ত্র রপ্তানিকারকদের রপ্তানিবাজারে অধিকতর প্রতিযোগিতা সক্ষমকরবে, রপ্তানি বাড়াতে সহায়তা করবে।
উল্লেখ্য, ইইউর বাজারে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ জিএসপির (অগ্রাধিকারমূলক বাজারসুবিধা) আওতায় অস্ত্র বাদে সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। শ্রীলঙ্কাও এই সুবিধা ভোগ করছে। আর এ বছর জানুয়ারি থেকে পাকিস্তান বস্ত্র খাতে ‘জিএসপি প্লাস’ সুবিধা পেয়েছে। এর ফলে পাকিস্তান বস্ত্র রপ্তানিতে ইইউর ২৭ দেশে ২০১৭ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে।
অন্যদিকে ভারত অনেক আগেই ইইউর জিএসপি-সুবিধা কর্মসূচির আওতা থেকে বেরিয়ে গেছে। আর তাই এখন শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়া কতটা সম্ভব হবে, তা নিয়ে সে দেশের বিশেষজ্ঞদের মাঝেই প্রশ্ন রয়েছে।
তবে কে এস রাও বলেছেন, ‘জিএসপি-সুবিধা পাওয়ায় পাকিস্তানকে এখন যেখানে কোনো শুল্কই দিতে হবে না, সেখানে ভারতীয় রপ্তানিকারকদের ৯ দশমিক ৩৬ শতাংশ হারে শুল্ক দিতে হবে।’ এই সুবিধার ফলে পাকিস্তানের বস্ত্র খাত প্রতিবছর বাড়তি ৯৩ কোটি ডলার মুনাফা করবে বলে প্রাক্কলন করা হয়েছে।
ভারত মনে করছে, শ্রম মজুরি ও ব্যয় বেড়ে যাওয়ার ফলে চীন বস্ত্র ও পোশাক রপ্তানিতে ধীরে ধীরে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে। আবার বাংলাদেশের উত্পাদিত পণ্যের মানে কিছুটা পিছিয়ে আছে। এই অবস্থায় ইউরোপের বস্ত্র বাজারে ভারতের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
রাও দাবি করেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানকে ইইউ রাজনৈতিক কারণে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এখন আমরাও আমাদের এই সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করছি।’
অবশ্য ইইউর বিদ্যমান মানদণ্ড অনুসারে ভারত জিএসপি-সুবিধা পেতে পারে না।
কেননা, রপ্তানি নাজুকতা মানদণ্ডে ভারত পড়ে না। আবার এই সুবিধা পেতে হলে ইইউতে কোনো দেশের রপ্তানি বিদ্যমান জিএসপি-সুবিধাভোগী দেশগুলোর মোট রপ্তানির দুই শতাংশের নিচে হতে হবে। এই মানদণ্ডেও ভারত উত্তীর্ণ হয় না।