ইইউর সঙ্গে যৌথ বিজনেস কাউন্সিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ বিজনেস কাউন্সিল গঠন করা হচ্ছে। ইইউর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে এ কাউন্সিল। আগামী ফেব্রুয়ারি মাসেই বসছে কাউন্সিলের প্রথম বৈঠক।
ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মেয়োডনের সঙ্গে সচিবালয়ে গতকাল সোমবার মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।
২৮টি দেশ নিয়ে গঠিত ইইউতে অস্ত্র ছাড়া সব বাংলাদেশি পণ্য রপ্তানি করা যায়। এ ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) পায় বাংলাদেশ। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে ইইউতে ১ হাজার ৭০৪ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইউরোর অবমূল্যায়ন না হলে এ রপ্তানির পরিমাণ ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেত।’
বিজনেস কাউন্সিল গঠনের উদ্দেশ্য সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, বিনিয়োগ-বাণিজ্য বৃদ্ধি ও বাণিজ্যক্ষেত্রে শুল্ক-অশুল্ক বাধা
দূর করা এবং বিনিয়োগের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধান করা।
কাউন্সিলে ইইউর ২৫ জন এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইসহ এমসিসিআই, ডিসিসিআই, চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা থাকবেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ, পরিশোধন খাতের উন্নয়ন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে কারিগরি সহায়তা দেবে এ কাউন্সিল। ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে ফ্রান্স কারিগরি সহায়তা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মেয়োডন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ইইউর বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী ইইউ। এ জন্য যৌথ বিজনেস কাউন্সিল কাজ করবে।