কৃষিভিত্তিক ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও খাত দুটির উন্নয়নে জণগণের করের টাকায় বিনা সুদে মূলধন সহায়তার উদ্যোগ নিয়েছিল সরকার। এ জন্য গঠন করা হয় সমমূলধন উদ্যোক্তা তহবিল বা ইইএফ। কিন্তু সেই তহবিলের বড় একটি অংশই এখন বেহাত হওয়ার পথে। রাজনৈতিক ও নানাভাবে প্রভাব বিস্তার করে তহবিল থেকে অর্থ নিয়ে সেই অর্থ এখন আর ফেরত দিচ্ছেন না অনেকে। ফলে নতুন উদ্যোক্তা তৈরি তো দূরে থাক, বরং টাকা বেহাত হতে বসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইইএফ থেকে টাকা নিয়ে উধাও হয়ে গেছে প্রায় অর্ধেক বিনিয়োগকারী। এতে সরকারের ২৮৯ কোটি টাকা গচ্চা যেতে বসেছে। অথচ বেহাত হতে যাওয়া এই টাকায় ৬০০ বেডের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অত্যাধুনিক নতুন ইউনিটের মতো তিনটি ইউনিট তৈরি করা যেত, যেখানে অন্তত দুই হাজার রোগী চিকিৎসা গ্রহণের সুযোগ পেত। জানা গেছে, বর্তমান সরকারের উদ্যোগে ঢামেকের নতুন ইউনিটটিতে তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা।
ইইএফ থেকে মূলধন সহায়তা গ্রহণের পর যেসব প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে, তাদের বেশ কয়েকটির ঠিকানায় গিয়ে কোথাও খুঁজে পাওয়া গেছে মসজিদ, আবার কোথাও অন্য কোনো স্থাপনা। তহবিলটি নিয়ে গবেষণা করেও দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাবে ঋণ দেওয়া হয়েছিল। তাই অনেকের কাছ থেকে অর্থ আদায় করা যাচ্ছে না।
১০০ কোটি টাকা নিয়ে এই তহবিলটি ২০০১ সালে গঠন করেছিল সরকার। ২০০৯ সাল পর্যন্ত নয় বছর এটি পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক। তারপর ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। তহবিলের নিয়ম অনুযায়ী, ইইএফ সহায়তার প্রথম কিস্তি ছাড়ের দিন থেকে পরবর্তী আট বছরের মধ্যে সমুদয় অর্থ তহবিলে ফেরত দেওয়ার কথা।
কিন্তু অর্থ ফেরত দেওয়া তো দূরের কথা, ৭৭টি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। যে ঠিকানা দেখিয়ে প্রতিষ্ঠানগুলো তহবিল থেকে অর্থ সহায়তা নিয়েছে সেখানে তারা নেই। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক দেশ ছেড়েও চলে গেছেন। ফলে এসব প্রতিষ্ঠানকে দেওয়া সরকারের প্রায় ২৮৯ কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস সম্প্রতি এই তহবিল নিয়ে একটি জরিপ করে। জরিপের প্রতিবেদনে বলা হয়, ইইএফ সহায়তাপুষ্ট ১৬৬ প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টি বা ৪২ শতাংশের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ঋণ দেওয়া ১৬৬টি প্রকল্পের মেয়াদ আট বছর পেরিয়ে গেছে। এই প্রকল্পগুলোতে ৪০১ কোটি ২৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, অর্থ ছাড়ের আট বছরের মধ্যে শেয়ার পুনঃ ক্রয় বা বাই ব্যাকের মাধ্যমে সহায়তার অর্থ সরকারের তহবিলে ফিরে আসার কথা। তবে এসেছে মাত্র ১১২ কোটি টাকা। বাকি টাকা এখনো সরকারের কোষাগারে ফেরেনি।
অস্তিত্বহীন প্রকল্পের মধ্যে কৃষিভিত্তিক ৬৪ এবং তথ্যপ্রযুক্তি খাতের ১৩ প্রতিষ্ঠান রয়েছে। হদিস না মেলা আইসিটি খাতের ১৩ প্রতিষ্ঠানের কাছে পাওনা সাড়ে ১০ কোটি টাকা। বাকি প্রায় ২৭৯ কোটি টাকা পাওনা কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কাছে।
সামগ্রিকভাবে তহবিলটির আকার এখন এক হাজার ৫২৫ কোটি টাকা। আর মোট প্রকল্পের সংখ্যা ৬১৯। এর মধ্যে ১৬৬টির মেয়াদ আট বছর পেরিয়েছে। নিয়ম অনুযায়ী, কৃষিভিত্তিক শিল্পে সর্বোচ্চ ১০ কোটি এবং আইসিটি খাতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকার প্রকল্পকে এই তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হয়। প্রকল্প ব্যয়ের ৪৯ শতাংশ তহবিল থেকে বাকি ৫১ শতাংশ উদ্যোক্তাকে বিনিয়োগ করতে হয়। উদ্যোক্তার নিজের অংশের বিনিয়োগের পরই ইইএফের অর্থ বিতরণ শুরু হয়।
তহবিল ব্যবস্থাপনাকারী আইসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টাকা ফেরত না দিলেও রাজনৈতিক প্রভাবের কারণে সরকারি প্রতিষ্ঠান আইসিবি কোনো ব্যবস্থা নিতে পারছে না। টাকা ফেরত চাইতে গেলে উল্টো আইসিবির কর্মকর্তাদের ধমকাচ্ছেন কেউ কেউ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর যাঁরা টাকা ফেরত দিচ্ছেন না, সময় বেঁধে দিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সঙ্গে ভবিষ্যতে যথেষ্ট বাছবিচার করেই এই তহবিল থেকে অর্থায়ন করা উচিত।’
জানা গেছে, রাজনৈতিক সরকারের আমলেই এই তহবিল থেকে সহায়তা বেশি দেওয়া হয়েছে। ২০১০-১১ অর্থবছরে বর্তমান সরকারের আগের মেয়াদে সর্বোচ্চ ৩৭২ প্রকল্প অনুমোদন হয়। আর সবচেয়ে কম প্রকল্প অনুমোদন হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে—এমন তথ্যই দিয়েছে বিআইডিএস।
সরেজমিন: অর্থ সহায়তা নেওয়ার পর বেশ কিছু প্রতিষ্ঠানের উধাও হয়ে যাওয়ার সত্যতা
মিলেছে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানেও। রাজধানীর মিরপুরের ১৪৭ পূর্ব কাজীপাড়া। পটেটো ফ্ল্যাক্স নামের একটি প্রতিষ্ঠানের নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা এটি। প্রতিষ্ঠানটি পাঁচ কোটি ৪৬ লাখ ঋণ নিয়েছে।
সম্প্রতি এ ঠিকানায় খোঁজ নিতে গিয়ে সেখানে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওই হোল্ডিংয়ে পাওয়া গেল একটি বাসাবাড়ি। বাড়ির দারোয়ান জানান, পটেটো ফ্ল্যাক্স নামে কোনো প্রতিষ্ঠানের অফিস কখনো সেখানে ছিল না। তবে তহবিল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান, পটেটো ফ্ল্যাক্স প্রকল্পটি মুন্সিগঞ্জ সদরে অবস্থিত। এটির সঙ্গে জড়িত সাবেক এক সেনা কর্মকর্তা।
তবে বাস্তবে এটির আদৌ অস্তিত্ব আছে কি না, এ ব্যাপারে জানতে চাইলে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাগরিকা নাসরিন প্রথম আলোকে বলেন, এ নামে মুন্সিগঞ্জে কোনো প্রতিষ্ঠানের খবর তাঁর জানা নেই।
একই তহবিল থেকে প্রায় এক কোটি ৫৮ লাখ টাকা ঋণগৃহীতা অপর প্রতিষ্ঠান ইনডেক্স হ্যাচারি। ঋণসংক্রান্ত তথ্যে প্রতিষ্ঠানের নিবন্ধিত কার্যালয় দেখানো হয়েছে রাজধানীর পশ্চিম পান্থপথের হক চেম্বারের নবম তলায়। ওই ঠিকানায় গিয়ে সেই নামে কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। ভবনটির নবম তলায় ব্যুরো ভেরিটাস, রূপকথা ও ডিজিটাল পার্সেল নামে তিনটি প্রতিষ্ঠানের কার্যালয়। ভবনের ব্যবস্থাপক কামাল জানান, বছর খানেক আগেই ইনডেক্স নামের প্রতিষ্ঠানটি অফিস ছেড়ে চলে গেছে। আইসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইনডেক্স হ্যাচারি প্রকল্পের প্রধান কার্যালয় বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত।
মোরেলগঞ্জে ইনডেক্স হ্যাচারির অবস্থান সম্পর্কে জানতে বাগেরহাট জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক সরকারি মৎস্য কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, গত দুই-আড়াই বছর ধরে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের মালিক স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী হওয়ায় সরকারি কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়ভাবে জানা গেছে, ইনডেক্স হ্যাচারির সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক আবদুর রহিম খান। যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত। গত দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান।
অবশ্য আইসিবির নথিতে ইনডেক্স হ্যাচারির মালিক হিসেবে নাম রয়েছে তৌহিদুল ইসলাম খানের। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, তিনি আবদুর রহিম খানের ছেলে।
এদিকে ইইএফ থেকে অর্থ গ্রহণের বিষয়ে স্থানীয় সরকারি কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তাঁরা প্রথম আলোকে বলেন, ‘অর্থ দেওয়ার সময় আমাদের কিছুই জানানো হয় না। ঢাকা থেকেই সবকিছু করা হয়। এই ধরনের সরকারি তহবিল থেকে অর্থ বণ্টনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই।’
কারওয়ান বাজার এলাকার বিডিবিএল ভবনের তৃতীয় তলায় কার্যালয় দেখিয়ে তহবিল থেকে অর্থ সহায়তা নিয়েছে আলফা সফট সিস্টেমস ও ফরনিক্স সফট লিমিটেড নামের দুই প্রতিষ্ঠান। গত ১৩ মে সরেজমিনে গিয়ে ভবনের পঞ্চম তলায় ফরনিক্স সফটের এক রুমের একটি কার্যালয় খুঁজে পাওয়া যায়। এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটির মালিক কাজী মাহদি হাসান এখন কানাডায় থাকেন।
আলফা সফট সিস্টেমসের কোনো হদিস পাওয়া গেল না। বিডিবিএল ভবনের এক নিরাপত্তাকর্মী জানান, কয়েক বছর আগেই প্রতিষ্ঠানটি তাদের কার্যালয় গুটিয়ে চলে গেছে।
অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঠিকানা দেখিয়ে দুগ্ধপ্রক্রিয়াজাত প্রকল্পের জন্য স্টার মিল্ক নামের একটি প্রতিষ্ঠান ইইএফ থেকে এক কোটি ৫৫ লাখ টাকা নিয়েছে। বিআইডিএসের প্রতিবেদনে প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন বলে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে তাঁর আইনজীবী পরিচয়দানকারী তৌহিদ নামের এক ব্যক্তি ইইএফ থেকে অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে আরও বলেন, ‘তহবিলটি গঠনের পরপরই নীতিমালা ছাড়া কিছু প্রকল্পে অর্থ বিতরণ করা হয়েছিল। পরে সেসব প্রকল্প লাভের মুখ দেখেনি। মাঝে মূল্যায়ন কমিটি গঠন করে যথেষ্ট যাচাই-বাছাই করে প্রকল্পে অর্থায়ন করা হয়েছিল। পরে আইসিবির হাতে যাওয়ার পর আবারও ব্যবস্থাপনা-প্রক্রিয়ায় দুর্বলতা দেখা দেয়।’