ইইএফ সম্প্রসারণের কথা ভাবা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোক্তা-সমমূলধন তহবিলের (ইইএফ) সম্প্রসারণ করার কথা সক্রিয়ভাবে চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চিন্তা চলছে এই তহবিলকে আরও অধিক উদ্যোক্তাবান্ধব করার।গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের মিলনায়তনে ‘ইইএফ উদ্যোক্তা সম্মেলন-২০১১’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কথা জানান। খবর ইউএনবির।গভর্নর আরও জানান, শিগগিরই কৃষি খাতে নতুন ইইএফ সহায়তার জন্য আবেদন গ্রহণ করা হবে। এ জন্য কৃষিভিত্তিক প্রকল্পের খাতগুলো পর্যালোচনা করে সময়োপযোগী করার কাজ চলছে। ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতের মতো কৃষি খাতেও ইইএফের সহায়তার আবেদন দাখিলের সময়সীমা উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবা হচ্ছে।একই সঙ্গে ইইএফ তহবিলের ১০ শতাংশ অর্থ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষরণের বিষয়টি সক্রিয় বিবেচনা করা হচ্ছে বলে জানান গভর্নর। ইইএফ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাত্তার মণ্ডল, আইসিবির চেয়ারম্যান খায়রুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হারুনুর রশিদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।অনুষ্ঠানে যোগ দেওয়া উদ্যোক্তারা ইইএফের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।ইইএফ তহবিল থেকে এ পর্যন্ত কৃষি খাতে ৬১৭টি প্রকল্পে এক হাজার ২১১ কোটি ৭২ লাখ টাকা অর্থায়ন করা হয়েছে। অপরদিকে তথ্যপ্রযুক্তি খাতে ৪৭টি প্রকল্পে ৭৭ কোটি ৩৯ লাখ টাকা দেওয়া হয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধা, নারী, উপজাতি উদ্যোক্তা, মঙ্গাপীড়িত এলাকা এবং পার্বত্য এলাকার প্রকল্প মঞ্জুরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উদ্যোক্তাদের সুবিধায় প্রকল্প ব্যয়ের সর্বনিম্ন সীমা ৫০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৫ সালের আগস্ট থেকে আড়াই বছরের বেশি এ প্রকল্প থেকে অর্থায়ন বন্ধ ছিল।