ইউএনএসকাপের বিজনেস ফোরাম সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) বিজনেস ফোরামের দ্বাদশ সম্মেলন আজ সোমবার থাইল্যান্ডে শুরু হচ্ছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় চার দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল রাতে ঢাকা ছেড়েছেন। সম্মেলন শেষ হবে ৫ নভেম্বর। বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ব্যবসায়ের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বাণিজ্যমন্ত্রী, নিউজিল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নমন্ত্রীসহ বিভিন্ন দেশের ৩০০ সরকারি-বেসরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী এতে অংশ নেবেন।
কাল মঙ্গলবার ‘আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের প্লিনারি অধিবেশনে অংশ নেবেন তোফায়েল আহমেদ। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাণিজ্য ও বিনিয়োগ-বিষয়ক অনুষ্ঠেয় প্যানেল আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি এবং বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন তিনি।
সফরকালে বাণিজ্যমন্ত্রী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি, ইউএনএসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারি, থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী এবং থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করবেন।
থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। ৫ নভেম্বর বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।