ইউএস-বাংলা এয়ার ১৫ মে থেকে ঢাকা-কাঠমান্ডু পথে উড়বে
ইউএস-বাংলা এয়ারলাইনস গতকাল সোমবার ঢাকা-কাঠমান্ডু আকাশপথে আগামী ১৫ মে থেকে যাত্রী পরিবহনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
এটি হবে দেশের এই বেসরকারি বিমান সংস্থার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট বা উড্ডয়ন।
ইউএস-বাংলা এয়ারের উড়োজাহাজ প্রাথমিকভাবে এ পথে সপ্তাহে তিন দিন উড়বে। সে অনুযায়ী প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে বেলা তিনটায় ছেড়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছাবে সেখানকার সময় বিকেল সাড়ে চারটায়।
আর কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে, আর ঢাকায় অবতরণ করবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
ইউএস-বাংলা ঢাকা ও কাঠমান্ডু পথে জনপ্রতি যাওয়া-আসা অর্থাৎ দ্বিমুখী ভাড়া নির্ধারণ করেছে ১৭ হাজার ৬৬২ টাকা। তবে শুধু যাওয়া কিংবা আসা অর্থাৎ একমুখী ভাড়া ১০ হাজার ৫৮০ টাকা।
৭৬ আসনবিশিষ্ট ড্যাশ-৮ কিউ ৪০০ সিরিজের নিউ জেনারেশন এয়ারক্রাফট দিয়ে ঢাকা-কাঠমান্ডু পথে ফ্লাইট পরিচালিত হবে। গত ২৪ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইনস কাঠমান্ডু থেকে ঢাকা পথে যাত্রী পরিবহনের জন্য নেপাল সরকারের অনুমতি পায়।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল প্রভৃতি অভ্যন্তরীণ পথে যাত্রী পরিবহন করছে। বিজ্ঞপ্তি।