ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে আকাশপথে কার্যক্রম উদ্বোধন করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার বিমানসংস্থাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এয়ারলাইনসটি ইউএস-বাংলা গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ড্যাশ-৮-কিউ ৪০০ সিরিজের নতুন দুটি বিমান কিনে এনেছে।
আর আজ বৃহস্পতিবার থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পথে দুটি ও ঢাকা-যশোর-ঢাকা আকাশপথে একটি ফ্লাইট পরিচালনা করবে এই বিমান সংস্থা। আপাতত শুধু এই রুটগুলোয় ফ্লাইট চলবে। আর আগস্ট থেকে যুক্ত হবে আরও দুই রুট—ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম পথে টিকিটের সর্বনিম্ন মূল্য সাড়ে তিন হাজার ও ঢাকা-যশোর পথে তিন হাজার টাকা। আর বিজনেস ক্লাসের ভাড়া নয় হাজার টাকা। তা ছাড়া চট্টগ্রাম ও যশোর বিমানবন্দর থেকে নিজস্ব বাসে যাত্রীদের চট্টগ্রাম শহর ও খুলনা পৌঁছে দেওয়া হবে।
‘ফ্লাই ফার্স্ট-ফ্লাই সেফ’ স্লোগানে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী মাস থেকে দৈনিক ঢাকা-চট্টগ্রাম রুটে চারটি, ঢাকা-যশোর রুটে দুটি, ঢাকা-সিলেট রুটে একটি ও ঢাকা-কক্সবাজারে একটি করে ফ্লাইট পরিচালনা করবে।