ইউএস বাংলার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট শুরু কাল থেকে
আগামীকাল থেকে শুরু হচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা।
রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার রাত ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি। স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে সিঙ্গাপুর পৌঁছাবে। এ ছাড়া সোম, বুধ, শুক্র ও শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছেড়ে আসবে এবং সকাল সাড়ে আটটায় ঢাকায় পৌঁছাবে ফ্লাইটটি। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। এই এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসনের ব্যবস্থা রয়েছে।
ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে আগ্রহী ব্যক্তিদের খরচ পড়বে সর্বনিম্ন ১৯ হাজার ৯৯৯ টাকা। এ ছাড়া সিঙ্গাপুর থেকে ঢাকায় আসতে খরচ হবে ২৪ হাজার ৪৯৯ টাকা।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে কুয়ালালামপুর, মাসকাট, কলকাতা ও কাঠমান্ডু রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে নিয়মিতভাবে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।