ইউএস বাংলার প্রথম বোয়িং বিমান ঢাকায়

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে একটি নতুন বোয়িং বিমান। আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে নতুন এ বিমান কেনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এ বিমান গতকাল মঙ্গলবার বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রানওয়ে থেকে টারমাকে এসে পৌঁছানোর পর দুই দিক থেকে পানি ছিটিয়ে ‘ওয়াটার গার্ড স্যালুট’ দিয়ে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় ইউএস বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, কেবিন ক্রু, গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। বিমানটির যাত্রা শুরু উপলক্ষে এ সময় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানকে বলা হয় তৃতীয় প্রজন্মের সবচেয়ে আধুনিক প্রযুক্তির বিমান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা বোয়িং ২০১৬ সালের মার্চ পর্যন্ত এ মডেলের পাঁচ হাজারের বেশি বিমান বিশ্বের বিভিন্ন এয়ারলাইনসের জন্য তৈরি করেছে।
কিছু আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিমানের ককপিট ও ভেতরের সাজসজ্জা ঘুরিয়ে দেখানো হয়। ১৫৮ আসনবিশিষ্ট বিমানটিতে আটটি বিজনেস ক্লাস আসন রয়েছে। বাকি আসনগুলো প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের।
সাংবাদিকদের পরিদর্শনের পর বিমানবন্দরের টারমাকেই এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, নভেম্বর থেকে এ বিমান দিয়ে ওমানের রাজধানী মাসকাটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। সপ্তাহে সাত দিনই এ পথে ফ্লাইট চলবে। এর মধ্যে চারটি ফ্লাইট যাবে ঢাকা থেকে, আর তিনটি ফ্লাইট যাবে চট্টগ্রাম থেকে।
এ মাসের শেষ সপ্তাহে ও আগামী ডিসেম্বরের মধ্যে আরও দুটি বোয়িং ইউএস বাংলার বিমানবহরে যুক্ত হবে। সেগুলো দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, গুয়াংজুতে ফ্লাইট চালানো হবে। এ ছাড়া ভুটানের পারোতেও ফ্লাইট শুরু করার পরিকল্পনার কথা জানানো হয়।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইনস যাত্রা শুরুর পর থেকে যাত্রীসেবার মান বাড়াতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ইউএস বাংলার সঠিক সময়ে ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮ দশমিক ৭ ভাগ। আন্তর্জাতিক মানের সেবার জন্য অভ্যন্তরীণ
বিমান সংস্থাগুলোর মধ্যে ইতিমধ্যেই সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউএস বাংলা। অদূর ভবিষ্যতে এশিয়ার সেরা এয়ারলাইনসের স্বীকৃতি অর্জন করাই আমাদের লক্ষ্য।’
দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ বিমান দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে কার্যক্রম শুরু করে ইউএস বাংলা এয়ারলাইনস। বর্তমানে এ মডেলের ৭৬ আসনবিশিষ্ট তিনটি বিমান রয়েছে সংস্থাটির। এগুলো দিয়ে অভ্যন্তরীণ রুট ছাড়াও নেপালের কাঠমান্ডুতে ফ্লাইট চালানো হচ্ছে। গত দুই বছরে ইউএস বাংলা ১৬ হাজারের বেশি ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে।