ইউএস-বাংলার বহরে আরেকটি উড়োজাহাজ
ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে আরেকটি উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালে দ্রুতগতি সম্পন্ন দুটি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে ছয়টি উড়োজাহাজ রয়েছে। নতুন যুক্ত হওয়া বোয়িংয়ে আটটি বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪টি আসন ব্যবস্থা রয়েছে। বর্তমানে তাদের ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটে রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ২০০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রা শুরুর পর আড়াই বছরে প্রায় ২২ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস কুয়ালালামপুর, মাসকাট, কলকাতা ও কাঠমান্ডুসহ অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ মার্চ থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। খুব শিগগিরই ব্যাংকক, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।