ইউএস-বাংলায় ২০ হাজারে ঢাকা-ব্যাংকক রিটার্ন টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের জন্য ২০ হাজার টাকায় রিটার্ন ভাড়া ঘোষণা করেছে। এই ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।


আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইনস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনস ৩ মে থেকে সপ্তাহে চার দিন ঢাকা থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সোম, বুধ, শুক্র ও শনিবার ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করছে। সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায়। স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দরে তা অবতরণ করে। আবার ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর দুইটা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং বেলা তিনটা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করছে। আর আন্তর্জাতিক পরিসরে ঢাকা থেকে কাঠমান্ডু, কলকাতা, মাসকট, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক এবং চট্টগ্রাম থেকে কলকাতা ও মাসকট রুটে ফ্লাইট পরিচালনা করছে।