ইউএসএআইডি এ বছর ১৮ কোটি ডলার সহায়তা দেবে
২০১১ সালে বাংলাদেশকে ১৮ কোটি ডলার সহায়তা (ঋণ বা অনুদান) দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএআইডি। এক সংবাদ সম্মেলনে গতকাল রোববার এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই ঘোষণা গত বছরের প্রাপ্তির চেয়ে দুই কোটি ডলার বেশি।প্রধানত পাঁচটি উন্নয়ন কর্মসূচিতে এই আর্থিক সহায়তা দেবে ইউএসএআইডি। এই ক্ষেত্রগুলো হলো: গণতন্ত্র ও সুশাসন; খাদ্যনিরাপত্তা; জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা; জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা এবং মানবিক ও খাদ্যসহায়তা।পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা (তিনি গতকালই মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করেন), যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিকোলাস ডিন, ইউএসএআইডির বাংলাদেশ মিশনের পরিচালক রিচার্ড গ্রিন, ইআরডির অতিরিক্ত সচিব শফিকুল আজম প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতন্ত্র ও সুশাসন খাতে এক কোটি ৩০ লাখ ডলার দেওয়া হবে। গণতন্ত্র শক্তিশালী করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে এই অর্থ খরচ করা হবে। এ ছাড়া জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি খাতে ছয় কোটি ১০ লাখ ডলার, খাদ্যনিরাপত্তায় সাড়ে চার কোটি ডলার, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় এক কোটি ৭০ লাখ ডলার এবং মৌলিক মানবিক সহায়তা হিসেবে চার কোটি ২০ লাখ ডলার দেবে ইউএসএআইডি।মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, ইউএসএআইডি শুধু এখন সরকারকে সহায়তা করছে না, বেসরকারি খাতের প্রতিষ্ঠানও সহায়তা পাচ্ছে। ভবিষ্যতে ইউএসএআইডির সহায়তা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।নিকোলাস ডিন তাঁর বক্তব্যে বলেন, দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিবদ্ধ—এই উন্নয়ন সহায়তা বৃদ্ধি এরই প্রতিফলন।এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুর্নীতি দমনে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। পেশাদারি সক্ষমতা বাড়ানো হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) শক্তিশালী করা হচ্ছে।এর আগে একই স্থানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করে ইআরডি। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সহজ শর্তে সাড়ে পাঁচ কোটি ডলার দেবে সংস্থাটি। মোশাররাফ হোসাইন ভূইঞা ও এডিবির কান্ট্রি ডিরেক্টর থেবাকুমার কান্দিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।দ্বিতীয় পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এই অর্থ দিচ্ছে এডিবি। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫০৫ কোটি টাকা। এর মধ্যে ৪০১ কোটি টাকা দেবে এডিবি। বাকি অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কমিউনিটি অবকাঠামো ও ক্ষুদ্র কৃষি ব্যবসার উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে।