ইউক্রেন থেকে ২.৫ লাখ টন গম আমদানি হবে
ইউক্রেন থেকে দুই লাখ ৫০ হাজার টন গম আমদানিসহ চারটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সরকারি পর্যায়ে এই গম আমদানি করা হবে।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গম আমদানিতে ৫৮৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হবে। প্রতি টনের দাম পড়বে ২৯৭ দশমিক ৫০ ডলার।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে ১০২ কোটি টাকা ব্যয়ে দুই হাজার টন আলুবীজ ধারণক্ষমতাসম্পন্ন চারটি হিমাগার নির্মাণ, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানি এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয়।
ক্রয় কমিটির বৈঠকের আগে গতকাল অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রীরই সভাপতিত্বে। এতে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপন সম্পর্কিত একটি বিষয়ের অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআইএমসিএল ও ভারতীয় কোম্পানি ইনফিনিটির সঙ্গে ব্লক-২ ও ব্লক-৫-এর জন্য সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় এখন চুক্তি হবে।