ইউক্রেনকে সহযোগিতা করতে প্রস্তুত আইএমএফ
ইউক্রেনকে অর্থ ও কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। গতকাল শুক্রবার আইএমএফের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বাসস জানায়, আইএমএফের ইউরোপীয় বিভাগের পরিচালক রেজা মোগাদাম গতকাল এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আইএমএফ দেশটির জনগণ ও সরকারকে সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত। এ ছাড়া ইউক্রেনে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে দেশটির কর্তৃপক্ষকে দেওয়া অঙ্গীকার পূরণে আইএমএফ ইতিবাচক অবস্থানে রয়েছে।
এদিকে ইউক্রেনের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আইএমএফের একটি প্রতিনিধিদল গত মঙ্গলবার থেকে ১০ দিনের কিয়েভ সফর শুরু করেছে।
রাজনৈতিক সংকট দেশটির অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। দেশটির অর্থমন্ত্রীর মতে, অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ও গতিশীল করতে ইউক্রেনে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।