ইউনাইটেড এয়ার ঢাকা-দোহা পথে উড়তে শুরু করল
বেসরকাির বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) ঢাকা-দোহা পথে সরাসরি উড়তে শুরু করেছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার রাতে ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী এই উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সাবেক সাংসদ মনিরুল ইসলাম, দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম চৌধুরী, ইউনাইটেড এয়ারের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ফেরদৌস ইমাম, পরিচালক (রাজস্ব) খুরশিদ আলম চৌধুরী, পরিচালক (প্রকৌশল) শাহাব উদ্দিন, পরিচালক (ফ্লাইট অপারেশন) ক্যাপ্টেন এম ইলিয়াস, পরিচালক (কাস্টমার সার্ভিস) ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড এয়ার ঢাকা-দোহা-ঢাকা পথে প্রাথমিকভাবে ১৬৭ আসনের এমডি-৮৩ এয়ারক্রাফট দিয়ে প্রতি বুধ ও শনিবার উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। দোহার উদ্দেশ্যে রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। এই পথে সব ধরনের কর ও সারচার্জসহ একমুখী ভাড়া ২৩ হাজার ৯৩৬ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪৪ হাজার ৭৫৭ টাকায় নির্ধারণ করা হয়েছে৷
বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজের বিমানবহরে মোট ১১টি এয়ারক্রাফট রয়েছে৷ এর মধ্যে একটি ড্যাশ ৮-১০০, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ ও দুটি এয়ারবাস-৩১০। বিজ্ঞপ্তি৷