ইউনাইটেড এয়ার ১৫ এপ্রিল থেকে চট্টগ্রাম-মাস্কাট পথে উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড আগামী ১৫ এপ্রিল থেকে চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম পথে পুনরায় উড়তে শুরু করবে।
চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে। আর সোম, বুধ ও শুক্রবার মাস্কাট থেকে রাত দুইটা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।
ইউনাইটেড এয়ার এ পথে সর্বনিম্ন একমুখী ভাড়া ২১ হাজার ৯৮৮ টাকা ও দ্বিমুখী ভাড়া ৪১ হাজার ৪৮৫ টাকা নির্ধারণ করেছে। ভাড়ার সঙ্গেই সব ধরনের কর ও সারচার্জ অন্তর্ভুক্ত থাকবে।
বিমান সংস্থাটি গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে আরও জানানো হয়, ইউনাইটেড এয়ারের বিমান ঢাকা-মাস্কাট পথে প্রতিদিনই চলাচল করছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন একমুখী ভাড়া ২০ হাজার ৪৪০ টাকা ও দ্বিমুখী ভাড়া ৩৯ হাজার ৯৩৭ টাকা (সব ধরনের কর, সারচার্জসহ)।
এই বিমান সংস্থা বর্তমানে ঢাকা থেকে মাস্কাট ছাড়াও জেদ্দা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু ও কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা প্রভৃতি আন্তর্জাতিক গন্তব্যে উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে।
এ ছাড়া ঢাকা থেকে অভ্যন্তরীণ সব পথে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী ও বরিশালে চলছে এই সংস্থার বিমান।
ইউনাইটেডের বিমান বহরে রয়েছে একটি ড্যাশ-৮ ১০০, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩, দুটি এয়ারবাস-৩১০সহ মোট ১১টি এয়ারক্রাফট।