ইউনাইটেড এয়ারকে কারণ দর্শাতে ডেকেছে এসইসি
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সিকিউরিটিজ সংক্রান্ত আইন পরিপালন না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ার ওয়েজের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিবকে কারণ দর্শাতে শুনানিতে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী ২৮ মে এসইসির সদস্যের ‘এনফোর্সমেন্ট’ কক্ষে সকাল সাড়ে ১০টায় এই শুনানি হবে। গত মঙ্গলবার বিকেলে এসইসির ‘এফোর্সমেন্ট’ বিভাগ থেকে এ-সংক্রান্ত বিষয়ে আদেশ জারি করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।এসইসি সূত্রে জানা যায়, ইউনাইটেড এয়ার ওয়েজের পক্ষ থেকে গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীতে সিকিউরিটিজ সংক্রান্ত আইন পরিপালন না করায় এই নোটিশ দেওয়া হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২২ ধারা অনুযায়ী এই শুনানিতে নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল না করার কারণ লিখিত ও সফটকপিসহ আনতে নির্দেশ দেওয়া হয়েছে।