ইউনাইটেড এয়ারের এমডির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগ করেছেন।
গত সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ ঘটনা ঘটে। যদিও সভাটি ছিল বছর শেষের আর্থিক প্রতিবেদন মূল্যায়ন ও শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণার। আর তাতেই কোম্পানির শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।
বিমান সংস্থাটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন তাসবিরুল আহমেদ।
ব্যক্তিগত কারণ বলা হলেও অন্য পরিচালকদের চাপের মুখেই তিনি পদ ছাড়তে বাধ্য হন। পাশাপাশি কোম্পানির পরিচালকের পদও হারিয়েছেন তিনি।
জানা গেছে, নানা দুর্নীতির অভিযোগে পরিচালকদের বড় অংশ তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। তাই তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এ ছাড়া হিসাব জালিয়াতির মাধ্যমে আয় বাড়িয়ে দেখানোর অভিযোগও রয়েছে।
যোগাযোগ করা হলে তাসবিরুল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পরিচালকদের একটি অংশ এই পদে পরিবর্তন চাচ্ছিলেন। তাই আমি সরে দাঁড়িয়েছি।’