ইউনাইটেড এয়ারের বিষয়ে তদন্ত কমিটি গঠন
ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের আর্থিক প্রতিবেদনের অসংগতি খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার এই তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যরা হলেন: এসইসির পরিচালক আবুল কালাম আজাদ ও পরিচালক শেখ মাহবুবুর রহমান। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।এসইসি সূত্রে জানা যায়, ইউনাইটেড এয়ারের ঘোষিত আর্থিক প্রতিবেদনে অসংগতির অভিযোগ আনে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর পক্ষ থেকে বিষয়টি এসইসিকে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে এসইসি এই তদন্ত কমিটি গঠন করে। কমিটি ইউনাইটেড এয়ারওয়েজ নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি তদন্ত প্রতিবেদন অধিকতর পর্যালোচনা করবে। তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে আরও রয়েছে: ইউনাইটেড এয়ারওয়েজের ২০১১-১২ সমাপ্ত অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং সাম্প্রতিক লেনদেনের ধরন।‘ইউনাইটেড এয়ারের শেয়ারের দাম বাড়াতে কারসাজি’ শিরোনামে ‘প্রথম আলো’য় আজ একটি সংবাদ প্রকাশ হয়।