ইউনানি-আয়ুর্বেদিক ওষুধ কৃষিভিত্তিক শিল্পে আসবে
দেশের ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধশিল্প খাতকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে বিবেচনায় আনার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মন্ত্রী বলেন, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এই চিকিৎসাপদ্ধতি বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদান করছে। বর্তমান সরকার কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতায় ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধশিল্পের প্রসারে ঋণসহ অন্যান্য সুবিধা দেবে।শিল্পমন্ত্রী গতকাল মঙ্গলবার ‘আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রের স্বাস্থ্যসেবা, পণ্যের মানোন্নয়ন, বাজারজাতকরণ ও রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর তথ্যবিবরণীর।রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (এমপিএইচপি-বিপিসি) সহায়তায় বাংলাদেশ আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতি এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ আয়ুর্বেদিক ওষুধ শিল্প সমিতির সভাপতি সেলিম মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায়, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হারুন ভূঁইয়া, বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান খান, বাংলাদেশ হোমিও ইউনানি আয়ুর্বেদিক ফেডারেশনের সভাপতি রেজাউর রহিম, শিবব্রত রায় আলোচনায় অংশ নেন। প্রিন্সিপাল আবদুর রব খান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।