ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও বরকতুল্লাহ ইলেক্ট্রো ডাইনামিকের আইপিও অনুমোদন
পুঁজিবাজারে আসছে ইউনিক হোটেল লিমিটেড ও বরকতুল্লাহ ইলেক্ট্রো ডাইনামিক লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসবে প্রতিষ্ঠান দুটি। আজ মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের ৩৬৮তম সভায় আজ এ সিদ্ধন্ত নেওয়া হয়।সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ঢাকায় তিনটি পাঁচ তারকা হোটেল তৈরি করার লক্ষ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড তিন কোটি শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৫৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের অভিহিতমূল্য ১০ টাকা এবং নির্দেশকমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা। প্রতিষ্ঠানটি বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও ছাড়বে।ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রতি শেয়ারের আয় দেখানো হয়েছে চার টাকা ৮০ পয়সা। এ ছাড়া প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক ব্র্যাক ইপিএল। প্রতিষ্ঠানটির বর্তমান অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং প্রি-আইপিও পরিশোধিত মূলধন ২৩০ কোটি টাকা।এসইসির মুখপাত্র আরও জানান, নতুন আইপিওর অনুমোদন পাওয়া আরেকটি প্রতিষ্ঠান হলো বরকতুল্লাহ ইলেক্ট্রো ডাইনামিক লিমিটেড। প্রতিষ্ঠানটি দুই কোটি শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিতমূল্য ১০ টাকা। ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের প্রস্তাবিতমূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। প্রতিষ্ঠানটি নির্ধারিতমূল্য তত্ত্ব পদ্ধতিতে (ফিক্সড প্রাইস মেথড) শেয়ার ছাড়বে।জানা যায়, প্রতিষ্ঠানটির সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাবাইট ক্ষমতাসম্পন্ন বিদ্যুেকন্দ্র নির্মাণের লক্ষ্যে পুঁজিবাজার থেকে এই মূলধন সংগ্রহ করবে। বর্তমানে প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও প্রি-আইপিও পরিশোধিত মূলধন ৬৬ কোটি টাকা। প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে।আনোয়ারুল কবির আরও জানান, এসইসি ২০১০ সালে দুই হাজার ৩৫৫ কোটি টাকার আইপিও এবং দুই হাজার ৪৭২ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন করেছে। অন্যদিকে, ২০০৯ সালে কমিশন ৬০৩ কোটি টাকার আইপিও এবং ১৪৪ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন দেয়।