ইউনিক হোটেলের লেনদেন শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ সোমবার শুরু হচ্ছে আলোচিত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের শেয়ারের লনদেন। ইউনিক হোটেল বর্তমানে ওয়েস্টিন হোটেল নামেই পরিচিত। গত ১৪ ফেব্রুয়ারি কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির অনুমোদনক্রমে কোম্পানিটি এরই মধ্যে আইপিওর মাধ্যমে বাজার থেকে প্রায় ১৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে। গত এপ্রিল মাসে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ৭৫ টাকা। কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ১০০টি শেয়ার।কোম্পানিটি এসইসিকে জানিয়েছে, সংগৃহীত টাকা আরও তিনটি নতুন হোটেল গড়ে তোলার পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ ও অন্যান্য কাজে ব্যয় করা হবে। ২০১১ সালের নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক হিসাব অনুযায়ী এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা ৩০ পয়সা। ওই কোম্পানির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোম্পানিটি মূলধন বাড়াতে উচ্চমূল্যে প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে। প্লেসমেন্টে প্রতিটি শেয়ারের ন্যূনতম দাম ছিল ১০০ টাকা। দীর্ঘদিন ধরে ওই কোম্পানির প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগকারীদের অনেক টাকা আটকে আছে। এ অবস্থায় আজ থেকে কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হচ্ছে।