শেয়ারবাজারের মেয়াদি ও বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের ইউনিটধারী ব্যাংকগুলোর জন্য ওই ফান্ডের মূল্য হ্রাসজনিত ক্ষতির বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ের ক্ষেত্রে নতুন পদ্ধতি বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। গতকালই তা সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক বলছে, মিউচুয়াল ফান্ডের মূল্য কমে যাওয়ার কারণে ব্যাংকগুলো যাতে ক্ষতির মুখে না পড়ে, সে জন্য প্রভিশনিং সংরক্ষণের পদ্ধতিগত পরিবর্তনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজারে মেয়াদি ও বেমেয়াদি যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে, তাতে দেশের তফসিলি ব্যাংকগুলোর বিভিন্ন মেয়াদি বিনিয়োগ রয়েছে। সেসব বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতেই প্রভিশন সংরক্ষণের নতুন পদ্ধতি ঠিক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজারমূল্য ক্রয়মূল্যের চেয়ে কমে গেলে সে ক্ষেত্রে ওই ফান্ডের ইউনিটধারী ব্যাংককে মূল্যহ্রাসজনিত ক্ষতির বিপরীতে প্রভিশনিং করতে হবে। আর এই প্রভিশনিংয়ের হার কী হবে, সেটিরও একটি পদ্ধতি ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মেয়াদি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রভিশনিং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, যদি ফান্ডের ইউনিটের গড় ক্রয়মূল্য ওই ইউনিটের বাজারমূল্য বা প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) চেয়ে ৮৫ শতাংশের বেশি হয়, তাহলে ক্রয়মূল্য থেকে বাজারমূল্য বাদ দিলে যে ক্ষতি দাঁড়াবে, তার সমপরিমাণ অর্থ প্রভিশন হিসেবে সংরক্ষণ করতে হবে।
ধরা যাক, কোনো একটি ফান্ডের ইউনিটের গড় ক্রয়মূল্য ১০০ টাকা। সেটির বাজারমূল্য ও এনএভি ৭০ টাকা। সে ক্ষেত্রে ইউনিটটির ক্রয়মূল্যের চেয়ে বাজারমূল্য ১৪২ শতাংশ বেশি। এ ক্ষেত্রে ইউনিটধারী ব্যাংককে ৩০ টাকা প্রভিশন হিসেবে সংরক্ষণ করতে হবে।
এ ছাড়া মেয়াদি মিউচুয়াল ফান্ডের বাজারমূল্য যদি ওই ফান্ডের এনএভির চেয়ে ৮৫ শতাংশ কম হয়, সে ক্ষেত্রে ইউনিটটির ক্রয়মূল্য থেকে এনএভি বাদ দিলে যে ক্ষতি দাঁড়াবে, সেই পরিমাণ অর্থ প্রভিশনিং হিসেবে সংরক্ষণ করতে হবে। ধরা যাক, কোনো একটি ফান্ডের বাজারমূল্য ৯০ টাকা, ক্রয়মূল্য ১০০ টাকা এবং এনএভি ৬০ টাকা। এ ক্ষেত্রে ওই ফান্ডের ইউনিটধারী ব্যাংককে ৪০ টাকা প্রভিশন করতে হবে।
বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের বেলায় প্রভিশন সংরক্ষণের বিষয়ে বলা হয়েছে, যদি কোনো ফান্ডের ইউনিটের গড় ক্রয়মূল্য ওই ফান্ডের এনএভির চেয়ে ৮৫ শতাংশ বেশি বা সমান হয়, তাহলে প্রভিশন সংরক্ষণ করতে হবে না। কিন্তু ক্রয়মূল্য এনএভির চেয়ে ৮৫ শতাংশ কম হলে অবশ্যই প্রভিশন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, মিউচুয়াল ফান্ডের এনএভি হিসাব করার ক্ষেত্রে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মিউচুয়াল ফান্ড বিধিমালার ৬০ নম্বর বিধি অনুসরণ করতে হবে। ওই বিধিতে প্রকৃত বা নিট সম্পদমূল্য নির্ণয়ের পদ্ধতি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।