ইউনিলিভারের উদ্যোগে শ্যামনগর উপজেলায় পানিশোধন প্রকল্প
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামে একটি পানিশোধন প্রকল্প পিএসএফ নির্মাণের উদ্যোগ নিয়েছে।ইউনিলিভার ইন্টারন্যাশনালের জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন অঞ্চলের চেয়ারম্যান হ্যারি ব্রাওয়ার সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য আবুল বাসারের জমিতে পিএসএফ (পুকুরের পানিশোধন করে খাওয়ার উপযোগী করা) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গত সোমবার।এ সময় অন্যান্যের মধ্যে ইউনিলিভার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর আলেকজান্ডার নপ ও যোগাযোগ কর্মকর্তা মারলিন কন এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা নুরুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আকবর আলী, জমিদাতা আবুল বাসার, পতিত পবন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।হ্যারি ব্রাওয়ার স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, ‘কিছুদিনের মধ্যে এ এলাকায় সুপেয় পানির অভাব দূর হবে এবং আপনারা লবণমুক্ত পানি পান করতে পারবেন।’ইউনিলিভারের উদ্যোগে ও ওয়াটার এইডের ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা সুশীলন এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় এক বিঘা জমির ওপর খনন করা একটি পুকুরকে ঘিরে এই পিএসএফ নির্মাণ করা হচ্ছে।ইউনিলিভারের চেয়ারম্যান হ্যারি ব্রাওয়ার পাতড়াখোলা গ্রামে পিএসএফ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ভেটখালী এলাকায় ইতিপূর্বে নির্মিত কয়েকটি পিএসএফ ও ওয়াটার রেইন হার্ভেস্টার পরিদর্শন করেন।