ইউনিসেফ ও সিপিডির তথ্যে দ্বিমত করলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে শিশুদের কল্যাণে বরাদ্দ নিয়ে ইউনিসেফ এবং বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া তথ্যের বিরোধিতা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল রোববার স্থানীয় এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘জাতীয় বাজেট: বাংলাদেশ শিশুদের প্রতি অঙ্গীকারগুলো রক্ষা করতে পারছে?’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘শিশুদের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিসহ প্রত্যক্ষভাবে বরাদ্দকৃত অর্থ ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেটের মাত্র ৪ দশমিক ১০ শতাংশ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র দশমিক ৭০ শতাংশের সমান।’ ইউনিসেফ ও সিপিডি যৌথভাবে এ প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনটির আনুষ্ঠানিক প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁকে সমর্থন দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘শিশুদের জন্য বরাদ্দ অর্থ মোট বাজেটের চার শতাংশের মতো—প্রতিবেদনে উপস্থাপিত এমন তথ্যের সঙ্গে আমি একমত নই। এখানে শুধু প্রত্যক্ষ বরাদ্দের কথা বলা হয়েছে। শিশুদের পিতা-মাতাদের জন্য পরোক্ষভাবে যে বরাদ্দ থাকে, তা শিশুদের কাছেও যায়। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও (এডিপি) বরাদ্দ থাকে।’ অর্থমন্ত্রী উপস্থাপিত প্রতিবেদনটি পরিশুদ্ধ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘বস্তিবাসী শিশুদের জন্য এখনো কিছু করতে পারিনি। বস্তিবাসী শিশুদের জন্য অনেক কিছু করার আছে।’অনুষ্ঠানে আবুল বারকাত বলেন, ‘শিশুদের জন্য বরাদ্দ জাতীয় বাজেটের ৪ দশমিক ১০ শতাংশের অনেক বেশি হবে। তবে প্রতিবেদনের সুপারিশসমূহের সঙ্গে আমি সম্পূর্ণ একমত।’অনুষ্ঠানে প্রতিবেদনটির মূল বিষয় উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন। বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বাজেট প্রণয়নের সময় অর্থমন্ত্রীকে অনেক বন্ধু জোগাড় করতে হয়। যেমন: ব্যবসাবান্ধব, পরিবেশবান্ধব, নারীবান্ধব, শিক্ষাবান্ধব ইত্যাদি। কিন্তু জাতির ভবিষ্যৎ নির্ধারণে শিশু ও কিশোরদের জন্য বিনিয়োগ জরুরি।’ মাহমুদ বলেন, গরিব শিশুদের জন্য মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা বেশ দরকার। কেননা প্রাথমিক শিক্ষা মানসম্পন্ন না হলে উচ্চশিক্ষায় তা কাজে লাগবে না। ফলে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে দারিদ্র্যের প্রভাব থাকবে।আরেকজন বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, শিশুমৃত্যুর হার হ্রাস, প্রাথমিক শিক্ষা পর্যায়ে নিবন্ধন, অপুষ্টি হ্রাসসহ বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি বেশ ভালো। শিশুদের উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হচ্ছে বলে তিনি জানান। ক্যারল ডি রয় বলেন, বাংলাদেশে শিশুর সংখ্যা মোট জনসংখ্যার ৪৫ শতাংশ। শিশুদের জন্য প্রকৃত এডিপি বরাদ্দ এবং সামাজিক নিরাপত্তা বাজেট বর্তমানের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোট জাতীয় বাজেটে শিশুদের জন্য রাখা বরাদ্দ গত কয়েক বছরে মোটামুটি একই রকম রয়েছে। শিশুকেন্দ্রিক কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ ২০০৫-০৬ অর্থবছর থেকে তেমন একটা পরিবর্তন হয়নি। এ পরিমাণ ২০১০-১১ অর্থবছরে মোট বরাদ্দের ১০ দশমিক ৫১ শতাংশ। সাম্প্রতিককালে সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলোর সংখ্যা ও বরাদ্দ বৃদ্ধি পেলেও সবচেয়ে ঝুঁকিতে থাকা দরিদ্র শিশুরা তুলনামূলক কম বরাদ্দ পেয়েছে।প্রতিবেদনে প্রশ্ন রাখা হয়েছে, এসব বঞ্চিত শিশুকে বাদ রেখে কি জাতীয় উন্নয়ন সম্ভব?প্রতিবেদনে শিশুদের বাজেটের সুফল পৌঁছে দিতে ১১টি সুপারিশ করা হয়। সুপারিশগুলোর অন্যতম হলো, শিশুদের জন্য বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক সেবাবঞ্চিত এলাকায় সম্প্রসারণ, শিশুবান্ধব আর্থিক নীতিমালা প্রয়োগ, শহুরে বস্তিবাসী শিশুদের জন্য বিশেষ সরকারি বাজেট।অনুষ্ঠানে উপস্থিত ছিল সমাজের বিভিন্ন স্তরের ২২টি সুবিধাপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত শিশু। অর্থমন্ত্রী তাঁর পক্ষ থেকে এসব শিশুর জন্য বই, ডায়েরি, কলম উপহার দেন। এ ছাড়া অর্থমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।পরে শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ জাদু প্রদর্শন করেন।