শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, নারী শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন গঠনে উদ্যোগী হলে তা নিবন্ধনে সরকার অগ্রাধিকার দেবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বুধবার কর্মজীবী নারীদের নতুন সংগঠন ‘নারী শ্রমিক কণ্ঠ’-এর প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার বিশ্বব্যাংকের সহায়তায় তিন বছরে প্রায় ১১ হাজার জনকে প্রশিক্ষণ দিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও ঈশ্বরদী ইপিজেড এলাকায় নতুন ডরমিটরি নির্মাণ করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে নারীদের পোশাকশিল্পে চাকরি দেওয়া হবে। অনুষ্ঠানে নারী শ্রমিক কণ্ঠের আহ্বায়ক ও সাংসদ শিরীন আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, নারী শ্রমিকদের উপদেষ্টা এ্যারোমা দত্ত, প্রতিমা পাল মজুমদার, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি