ক্ষুদ্রঋণের কারণেও দেশে দারিদ্র্যের হার কমেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ জন্য গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের অবদান রয়েছে। ঢাকার আগারগাঁওয়ের এলজিইডি ভবনে গতকাল বৃহস্পতিবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত ‘ঋণ ব্যবস্থাপনা পদ্ধতি’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এসডিএফের চেয়ারম্যান এম আই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। এসডিএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেন এতে স্বাগত বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে ও হতদরিদ্রদের প্রথম ক্ষুদ্রঋণ দেওয়ার ব্যবস্থা করেছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস সম্মানিত ব্যক্তি। তাঁকে সম্মান দিতে হবে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদও একজন সম্মানিত ব্যক্তি।
দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের পরে অনেক বেসরকারি সংস্থা ক্ষুদ্রঋণ খাতে এসেছে। দরিদ্র জনগোষ্ঠীকে তারা ঋণ দিয়ে যাচ্ছে এবং তাদের এ কার্যক্রমের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে।
দারিদ্র্য নিরসনে সরকার অনেক কার্যক্রম চালাচ্ছে এবং এটাকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দিচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৪ সালে বাংলাদেশে কোনো হতদরিদ্র লোক থাকবে না। আর ২০৩০ সালে থাকবে না কোনো দরিদ্র লোক।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দ্রুতগতিতেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন হবে।
এসডিএফের এমডি সাখাওয়াত হোসেন জানান, এসডিএফের বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী ৬০ লাখ এবং এসডিএফের মাধ্যমে ৫ হাজার ৬৪২টি গ্রামে ৯ লাখ ৪২ হাজার সদস্য অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ৯৫ শতাংশই নারী।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রামাঞ্চলের চরম দারিদ্র্য দূরীকরণে সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১১ সালের জুলাই থেকে সামাজিক বিনিয়োগ কর্মসূচি প্রকল্প (এসআইপিপি-২) বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পটি দেশের দারিদ্র্যপীড়িত ১৬ জেলার ৩ হাজার ২৬২টি গ্রামের ৬০ লাখ সুবিধাভোগীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তর্ভুক্ত করে। পরিকল্পিত কর্মকাণ্ড ও দ্রুত অর্থ ছাড়করণের ফলে প্রকল্পটি নির্ধারিত সময়ের এক বছর আগেই শেষ করা হয়।
এসআইপিপি-২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় শুরু করা হয় ছয় বছর মেয়াদি নতুন জীবন প্রকল্প, যা শেষ হবে ২০২১ সালের জুনে। এ প্রকল্প গ্রহণের সময় রূপকল্প ২০২১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনকে বিবেচনায় রাখা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে আরও বলা হয়, বিবিএসের দারিদ্র্য মানচিত্র অনুযায়ী ১৩ জেলার ৩৬ উপজেলার পিছিয়ে পড়া আড়াই হাজার গ্রামের জন্য নেওয়া নতুন জীবন প্রকল্প থেকে ৫ বছরে ৫ লাখ পরিবার সুবিধা পাবে।