পোশাক খাতের বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং পোশাকসহ অন্য খাতের মোড়ক পণ্য উৎপাদনে দেশ এখন স্বাবলম্বী। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে খাতটির বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। প্রতিবছরই এ রপ্তানির পরিমাণ বাড়ছে। গত ২০১১-১২ অর্থবছরে খাতটি প্রায় ৩৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। তার আগের অর্থবছর রপ্তানি হয় প্রায় ২৭৫ কোটি ডলারের পণ্য। ২০১৮ সালের মধ্যে এ খাতের রপ্তানি আয় এক হাজার ২০০ কোটি ডলারে দাঁড়াবে বলে জানান ব্যবসায়ীরা। এ লক্ষ্যমাত্রা অর্জনকে ত্বরান্বিত করতে আসন্ন ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর দায়িত্ব হস্তান্তরসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।সমিতির নেতারা জানান, বিজিএপিএমইএর সদস্যভুক্ত প্রতিষ্ঠানের ইউপি ইস্যু করে শুল্ক কর্তৃপক্ষ। এতে রপ্তানিকারকেরা কালক্ষেপণ এবং বাড়তি আর্থিক লেনদেনসহ নানামুখী হয়রানির শিকার হন। সমিতি বহু দেন-দরবারের পর ২০১১ সালে সমিতিকে ইউপি ইস্যুর দায়িত্ব প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এরপর দ্রুততম সময়ে বন্ড কমিশনারেট অফিস ও বিজিএপিএমইএর যৌথ উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়। গত বছরের জানুয়ারিতে এ-সংক্রান্ত অনুশীলনও (ডেমোনেস্ট্রেশন) হয়েছে। তার পর থেকে এক বছর ধরে বিষয়টি ঝুলে আছে। সমিতির পক্ষ থেকে অর্থমন্ত্রীর দৃষ্টিগোচর করা হলে গত আগস্টে এনবিআরকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। এ জন্য এক সপ্তাহ সময় দিলেও এনবিআর গত সাত মাসে কোনো ব্যাখ্যা দেয়নি। এ বিষয়ে সমিতির সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, রহস্যজনকভাবে সমিতিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বটি হস্তান্তর করা হয়নি। মনে হয়, এর পেছনে একটি স্বার্থান্বেষী মহল জড়িত আছে। অথচ এটি বাস্তবায়িত হলে স্বচ্ছতা বাড়বে, ব্যবসায়ীদের সময় ও অর্থ অপচয় বন্ধ হবে। গত ২০১১-১২ অর্থবছরে সমিতির সুপারিশে এনবিআর বন্ড লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে দুই বছরের জন্য নবায়নের অনুমতি প্রদান করা হয়। কিন্তু আমদানি প্রাপ্যতা এখনো বন্ড কমিশনারেট থেকে ইস্যু করা হচ্ছে। এ ক্ষেত্রেও ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে আমদানি প্রাপ্যতার বিষয়টি সমিতিকে দেওয়ার দাবি জানিয়েছে বিজিএপিএমইএ। অনেক সময় নতুন যন্ত্রাংশ সংযোজন ও পুনর্বিন্যাসের কারণে কারখানা সম্প্রসারণের প্রয়োজন পড়ে। কিন্তু অন্যত্র কারখানা সম্প্রসারণের স্থানকে একই লাইসেন্সের অন্তর্ভুক্ত করতে চাইলে তা করা হয় না। এ কারণে বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারছে না। ফলে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। এ জন্য সমিতি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোতে গতিশীলতা আনতে কনটিনিয়াস বন্ডের সুবিধা চেয়েছে।এ ছাড়া পণ্য সরবরাহ কাজে ব্যবহারের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে একটি করে শুল্কমুক্ত ডেলিভারি ভ্যান (পিক-আপ) আমদানির সুযোগ প্রদান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের মতো এ খাতটিতেও নগদ সহায়তা দাবি করেছে সমিতি। বর্তমানে পোশাক খাতের ৩০ থেকে ৩৫ ধরনের সরঞ্জাম ও অন্যান্য খাতের মোড়ক তৈরি করে এ খাতের প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কার্টন, পলিব্যাগ, হ্যাঙ্গার, বোতাম, বোতামের ট্যাগ, মূল্য ট্যাগ, লেবেল, জিপার, হ্যাংট্যাগ, গামটেপ উল্লেখযোগ্য। এসব পণ্যই পোশাক, চামড়া, খাদ্য, ওষুধ, ইত্যাদি রপ্তানি পণ্যের ‘পশ্চাদমুখী সংযোগ শিল্পের উৎপাদিত পণ্য’ হিসেবে বিদেশে যায়। একই সঙ্গে উৎপাদিত পণ্যের ১৫ থেকে ২০ শতাংশ পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা, হংকং, দূরপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে সরাসরি রপ্তানি করেন উৎপাদকেরা। এসব সরঞ্জাম দিয়েই পোশাক খাতের প্রায় ৪০ শতাংশ মূল্য সংযোজন হয় বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিজিএপিএমইএর তথ্যমতে, সারা দেশে সমিতির সদস্যসংখ্যা এক হাজার ১৫৫। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত প্রায় দুই লাখ মানুষ। এ খাতে বর্তমানে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা। চলতি অর্থবছর এ খাতের রপ্তানি আয় ৪৫০ কোটি ডলারে পৌঁছাবে বলে দাবি সমিতির।