ইউপি সচিবদের দাবির সঙ্গে একমত নন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

সরকারি কোষাগারের পরিবর্তে ইউনিয়ন পরিষদের সচিবদের বেতন ইউনিয়ন পরিষদের তহবিল থেকেই দেওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) দাবি, ইউপি সচিবেরা ছুটির দিনেও কাজ করছেন। কিন্তু ন্যায্য বেতন থেকেই তাঁরা বঞ্চিত। 

সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রীর সঙ্গে ১৫ সদস্যের এক প্রতিনিধিদল নিয়ে সাক্ষাৎ করতে যান বাপসার সভাপতি সোহেলুর রহমান। এ সময় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকে বাপসা অর্থমন্ত্রীকে জানায়, দেশের ইউনিয়ন পরিষদে চালু হওয়া তথ্যসেবাকেন্দ্রগুলোতে তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইউপি সচিবেরা। সরকারি ছুটির দিনেও তাঁদের কাজ করতে হয়। তাঁদের বেতনের ২৫ শতাংশ হাটবাজার ইজারার আয় থেকে দেওয়ার কথা থাকলেও পার্বত্য চট্টগ্রামসহ ২৫টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ইজারা খাতে কোনো আয় নেই।

তবে অর্থমন্ত্রী বলেন, ‘বাপসার দাবি গ্রহণযোগ্য নয়। যে প্রতিষ্ঠান বেতন দিতে পারে না, তাদের মরে যাওয়া উচিত। এটা আমার অভিমত।’

মুহিত আরও বলেন, ‘যেখানে শতভাগ বেতন দেওয়া উচিত ইউপিরই, সেখানে তাদের অবদান মাত্র ২৫ শতাংশ। এই নামকাওয়াস্তে অবদান আমার সমর্থন পায় না।’

বর্তমানে ইউপি সচিবদের বেতনের ৭৫ শতাংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। তাঁদের শতভাগ বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

বাপসা জানায়, দেশে চার হাজার ৫৭১ জন ইউপি সচিব রয়েছেন। ১৪তম গ্রেডে পাঁচ হাজার ২০০ টাকা কাঠামোতে বেতন পান তাঁরা।

তবে অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, ইউপি সচিবদের দাবি বাস্তবায়ন করতে গেলে বছরে ২০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সরকারের।