ইউরোপের প্রবৃদ্ধি কমবে: আইএমএফ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া বা ব্রেক্সিটের সিদ্ধান্ত ওই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ব্রেক্সিটের প্রভাবে আগামী দুই বছর ইউরোপের প্রবৃদ্ধি অর্জনের হার আগের চেয়ে কম হবে।
ইউরোপের অর্থনীতি নিয়ে গত শুক্রবার এ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। এতে বলা হয়েছে, চলতি ২০১৬ সালে ইউরো জোন বা অঞ্চলভুক্ত ১৯টি দেশের গড় প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৬ শতাংশ। ২০১৭ সালে এই হার আরও কমে ১ দশমিক ৪ শতাংশে নেমে যাবে। এ বছরের শুরুতে আইএমএফ ২০১৬-১৭ সালে ইউরো জোনের জন্য ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
বেকারত্ব ও বিভিন্ন দেশের ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে ইউরোপের প্রবৃদ্ধি কমার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আইএমএফের নতুন পূর্বাভাসে। এতে আরও বলা হয়েছে, পুঁজিবাজারসহ ইউরোপের আর্থিক বাজারে এখন যে মন্দাবস্থা ও অস্থিরতা বিরাজ করছে, সেটি অব্যাহত থাকলে সংশোধিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও পূরণ করা কঠিন হবে।
আইএমএফের উপপরিচালক মাহমুদ প্রধান বলেন, ইউরোপজুড়ে যে অস্থিরতা এখন বিরাজ করছে সেটি কত দিন চলবে, তা এ মুহূর্তে বলা কঠিন। তবে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এটি অর্জন করতে হলেও একটি ‘আদর্শ পরিস্থিতি’ বিরাজ করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য যদি ইইউ থেকে দূরে থাকার নীতি নিয়েই চলতে থাকে, তাহলে সামনে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।