রাশিয়ায় আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে অর্থমন্ত্রী
ইউরোশিয়া অর্থনৈতিক ইউনিয়নে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ

রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি রপ্তানিপণ্য বিকাশের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে ইউরোশিয়া অর্থনৈতিক ইউনিয়নের (ইইইউ) সঙ্গে বাংলাদেশের যোগদানের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। বিশেষ করে রাশিয়ার তৈরি পোশাকের বাজার ধরাসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।
গত শনিবার রাশিয়ায় ২০তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সমাপনী অধিবেশনে দেওয়া বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
এদিকে, সেন্ট পিটার্সবার্গের এক্সপো ফোরাম প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনের ওই অর্থনৈতিক ফোরামে সহযোগিতা ও অংশীদারির ভিত্তিতে সম্মিলিতভাবে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে এবং অর্থনীতি বিকাশের নতুন খাত তৈরির প্রতি বিশেষজ্ঞরা জোর দিয়েছেন। বিশ্বের ১০০টিরও বেশি দেশি-বিদেশি কোম্পানির শীর্ষ কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিদল, সাংবাদিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন।
ফোরামের সমাপনী দিনে বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ও রাশিয়ার জেএনসি নর্থওয়েস্ট আইএলসি কোম্পানির মধ্যে একটি সমঝোতা চুক্তি বিনিময় হয়। চুক্তির অংশ হিসেবে আগামী দুই বছর রাশিয়ার ওই প্রতিষ্ঠানটির চাহিদামতো ডায়মন্ডের বিভিন্ন পণ্য তৈরি করবে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদের সঞ্চালনায় ফোরামের সমাপনী দিনে ‘রাশিয়া-বাংলাদেশ নতুন যুগের সম্ভাবনা’ শীর্ষক অধিবেশনে অর্থমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সেন্ট পিটার্সবার্গ চেম্বারের সহসভাপতি ইকিতিরিনা লেবেদেভা, সিআইএস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এইচ কে কবির, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি হাফিজুর রহমান খান প্রমুখ।
ইউরোশিয়া অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের যোগদানের প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথম আলোকে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে আমরা এ সংক্রান্ত একটি সুনির্দিষ্ট প্রস্তাব পেয়েছি; মুক্ত বাণিজ্য অঞ্চলে যোগ দিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে। এতে করে রাশিয়ায় বিনা শুল্কে আমাদের পণ্য রপ্তানিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ তৈরি হবে। প্রস্তাবটির বাস্তব কৌশল এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যাচাই-বাছাই করছে।
প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত পাঁচটি দেশ (আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও রাশিয়া) নিয়ে ইইউর আদলে গড়া ইউরোশিয়া অর্থনৈতিক ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালে চালু হয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ইইইউতে যোগদানে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।
রাশিয়ায় বাংলাদেশের পোশাকশিল্প বিকাশের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে বেশ কয়েকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানান আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশি তৈরি পোশাকের গুণগত মান ও কম দামের সুযোগ থাকায় সহজেই রাশিয়ার বাজারে শক্ত অবস্থান নেওয়া সম্ভব। রাশিয়ার ব্যাংকিং জটিলতা সমাধান ও রপ্তানিতে অতিরিক্ত শুল্ক কমিয়ে আনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যাংকিং লেনদেনের কাজ সহজ করতে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে খুব শিগগিরই ‘যৌথ কমিশন’ গঠনের চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষর হলে অনেকাংশে ওই সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশি রপ্তানিকারকদের ঢাকায় অথবা মস্কোতে বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ফোরামে অংশ নেওয়া বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিরা অর্থমন্ত্রীর কাছে বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন। এসবের মধ্যে রয়েছে মস্কো-ঢাকা সরাসরি বিমান চালু, বাংলাদেশ থেকে সরাসরি রাশিয়ায় পণ্য সরবরাহ ও বাংলাদেশে রুশ বিনিয়োগ বাড়ানো।
এদিকে, ফোরামে অংশগ্রহণকারীদের সবারই আকর্ষণ ছিল দ্বিতীয় দিনকে ঘিরে। ওই দিন মূল অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে রাশিয়া তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে রুশ প্রেসিডেন্টের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে। সিএনএনের সাংবাদিক ফারিদ জাকারিয়ার সঞ্চালনায় ওই পর্বে আরও বক্তব্য দেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ও কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সের্গেই প্রিখোদকা গত বৃহস্পতিবার দুপুরে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধন করেন। টানা তিন দিন ধরে চলা এই ফোরামে সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস বিজনেস ফোরাম, উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-২০-এর ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মেলনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রায় ১০০টির মতো অধিবেশন অনুষ্ঠিত হয়। আয়োজক কর্তৃপক্ষ রসকনগ্রেস ফাউন্ডেশন জানায়, এবারের আসরে ১০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন এবং এতে মোট ৩৩২টি চুক্তিপত্র সই হয়।