ইউরো অঞ্চলকে সংস্কারের সাহসী পদক্ষেপ নিতে বলল আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইউরো অঞ্চলের দেশগুলোকে আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে অবশ্যই সংস্কার কার্যক্রম পরিচালনার সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আইএমএফের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, ১৭ জাতির সমন্বয়ে গড়া ইউরো জোন বা ইউরো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে বড় ধরনের কাঠামোগত সংস্কার সাধনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।এর আগে গত শুক্রবারে আইএমএফ চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে তহবিলের জোগান দিতে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট গ্রুপ অব টোয়েন্টি বা জি টোয়েন্টির কাছ থেকে ৪৩ হাজার কোটি মার্কিন ডলারের তহবিলের প্রতিশ্রুতি পায়।আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্দে অবশ্য জানান, জি ২০ জোট যে ৪৩ হাজার কোটি ডলারের তহবিলের জোগান দেবে বলেছে, তা শুধু ইউরো অঞ্চলের দেশগুলোর জন্যই নয়।ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা মোকাবিলায় নতুন তহবিল খুবই গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয়।’ আইএমএফ মনে করে, বিশ্ব ধীরে ধীরে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে। তবে এখনো ঝুঁকি রয়ে গেছে। এ ছাড়া নীতিনির্ধারণী সুদহার আরও নিম্ন পর্যায়েই রাখতে হবে।এদিকে জার্মানির অর্থমন্ত্রী উলভগ্যাং স্কেইবল বলেছেন, ইউরো অঞ্চল এখন শ্রমবাজার, সামাজিক নিরাপত্তাব্যবস্থা, জনপ্রশাসন ও আর্থিক বাজারের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনার জন্য কঠোরভাবে কাজ করে চলেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রিস, আয়ারল্যান্ড ও পর্তুগাল ইতিমধ্যে আর্থিক পুনরুদ্ধারের প্যাকেজ গ্রহণ করেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঐতিহ্যগতভাবে আর্থিক সংকট মোকাবিলার সংগ্রামরত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়ে এলেও এবার ইউরো জোনে ঋণসংকটের কারণে শিল্পোন্নত দেশগুলোর দিকেও নজর দিতে হচ্ছে এই সংস্থাকে। বিবিসি।