ইউরো অঞ্চলে প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল ইসি
ইউরোপীয় কমিশন (ইসি) ১৭টি দেশকে নিয়ে গঠিত ইউরো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কাটছাঁট করেছে। একই সঙ্গে ইসি সতর্ক করে দিয়ে বলেছে, অর্থনীতিতে পুনরায় ভারসাম্য প্রতিষ্ঠার যে কঠিন প্রক্রিয়া চলছে তা আরও দীর্ঘায়িত হবে।ইসির নতুন প্রাক্কলনে জানিয়েছে যে, ইউরো অঞ্চল শূন্য দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে আগামী বছর কোনো রকমে মন্দা এড়াতে পারবে। এর আগে ইসি আলোচ্য সময়ের জন্য প্রবৃদ্ধির হার প্রাক্কলন করেছিল ১ শতাংশ। কিন্তু এখন বলছে ইউরো অঞ্চলের অর্থনীতি আগেরকার প্রাক্কলনের চেয়ে অনেকখানি সংকুচিত হবে।এদিকে ইউরো অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাসে শেয়ারবাজারগুলোতে গতকাল বৃহস্পতিবার দরপতন ঘটেছে। এর মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ৬ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ও জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ২ শতাংশ কমেছে।একই খবরের নেতিবাচক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। দেশটির নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ডাউজোন্স সূচক পড়েছে ২ দশমিক ৪ শতাংশ। এটি হচ্ছে গত আগস্টের পরে এই সূচকের সর্বনিম্ন অবস্থান।যে ১৭টি দেশকে নিয়ে ইউরো জোন বা অঞ্চল গঠিত হয়েছে সেগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও স্পেন। সূত্র: বিবিসি।