ইউরো অঞ্চলে ব্যবসায় ১৮ মাস পরে প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলের ব্যবসায় ১৮ মাস পরে প্রবৃদ্ধির আভাস মিলেছে সদ্য প্রকাশিত এক ব্যবসা জরিপের ফলাফলে।মার্কিটস ইউরোজোন কম্পোজিট পারচেজিং ইনডেক্স (পিএমআই) জুলাই মাসে ৫০ দশমিক ৫০ পয়েন্টে উন্নীত হয়েছে। জুন মাসে এটি ছিল ৪৮ দশমিক ৭০ পয়েন্ট। ২০১২ সালের জানুয়ারি মাসের পর এই প্রথম পিএমআই ৫০ পয়েন্ট অতিক্রম করল।এই জরিপে প্রতি মাসে ইউরো অঞ্চলের কয়েক হাজার কোম্পানির ব্যবসা পরিস্থিতি যাচাই করা হয়। বিশেষ করে তাদের কেনাকাটার উপাত্ত পর্যালোচনা করা হয়। জুলাই মাসের পিএমআই ইঙ্গিত দেয় যে ইউরো অঞ্চল মন্দা থেকে বেরিয়ে আসছে।ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৭টি দেশকে একত্রে ইউরোজোন বা ইউরো অঞ্চল বলা হয়ে থাকে। জরিপ ফল অনুসারে, জুলাই মাসে জার্মানির ব্যবসায়িক কর্মকাণ্ড ঘুরে দাঁড়িয়েছে। আর ফ্রান্স, ইতালি ও স্পেনের নিম্নগতি অনেকটাই থেমেছে।এ জরিপে বলা হয়েছে যে ইউরো অঞ্চলের কর্মসংস্থান সূচক জুন মাসের ৪৭ দশমিক ৪ পয়েন্ট থেকে ৪৮ দশমিক ৬ পয়েন্টে উন্নীত হয়েছে। এর মানে হলো, লোক ছাঁটাই বা কর্মচ্যুতির গতি কিছুটা কমেছে। অবশ্য সরকারি পরিসংখ্যান অনুসারে, জুন মাসে ইউরো অঞ্চলে বেকারত্বের হার ১২ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এই হার ছিল ১২ দশমিক ২ শতাংশ।