ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম আরও সংকুচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের ১৭টি দেশের সমন্বয়ে গঠিত ইউরো জোন বা অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম চলতি অক্টোবর মাসে বিগত সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সংকুচিত হয়ে পড়েছে।‘দ্য মার্কিট ফ্ল্যাশ ইউরোজোন পারচেজিং ম্যানেজারস’ (পিএমআই)-এর এক জরিপে এই তথ্য উঠে আসে। এতে দেখা যায় যে ইউরো অঞ্চলের সমন্বিত উৎপাদন সূচক কমে ৪৫ দশমিক ৮ পয়েন্টে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৪৬ দশমিক ১ পয়েন্ট। ব্যবসায়িক কার্যক্রমের সূচক ৫০ পয়েন্টের নিচে নামলেই সেটাকে সংকোচন বলে গণ্য করা হয়।এদিকে ইউরো অঞ্চলে এখনো কর্মী ছাঁটাইয়ের প্রবণতা চলছে। তবে তা খানিকটা মন্থর হয়ে আসছে, এই যা।যুক্তরাজ্যের ব্যবসায়িক খাতেও চলতি অক্টোবর মাসে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে পণ্য বিক্রির আদেশ কমে গেছে। সেই দেশেরই সিবিআই নামের একটি সংস্থার এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। দেশটিতে যেসব প্রতিষ্ঠানের উৎপাদন বেড়েছে এবং যেসব প্রতিষ্ঠানের কমেছে, তা হিসাব করে দেখে গেছে, ভারসাম্যটা নেতিবাচক অবস্থায় রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে উৎপাদন কার্যক্রম কমে গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে উৎপাদক প্রতিষ্ঠানগুলো পরবর্তী তিন মাসে পরিস্থিতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে।মার্কিট-এর জরিপ প্রতিবেদনে জানানো হয়, ইউরো অঞ্চলের সেবা খাতের কার্যক্রম অক্টোবর মাসে ৪৬ দশমিক ১ পয়েন্ট থেকে কিঞ্চিৎ বেড়ে ৪৬ দশমিক ২ পয়েন্টে উঠলেও উৎপাদন খাতে তা ৪৬ দশমিক ১ পয়েন্ট থেকে কমে ৪৫ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে। এই অবস্থায় উৎপাদক প্রতিষ্ঠানগুলোতে আবারও কর্মী ছাঁটাই হতে পারে বলে সংস্থাটি মনে করে।শিল্পের দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় শক্তি জার্মানিতে গাড়ি রপ্তানি কমে যাওয়ায় ব্যবসায়িক কার্যক্রম দ্রুতগতিতে সংকুচিত হচ্ছে। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্সেও সার্বিকভাবে ব্যবসায়িক কার্যক্রমে এখন ভাটা চলছে।মার্কিট-এর প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে ইউরো অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রম খারাপ হওয়ার যে প্রবণতা চলছিল, তা বছরের চতুর্থ প্রান্তিকের শুরুতেও লক্ষ করা গেছে।’ সূত্র: বিবিসি।