ইউরো অঞ্চলের ব্যবসায়ে প্রবৃদ্ধি নিম্নমুখী
ইউরো অঞ্চলের দেশগুলোতে ব্যবসায়িক প্রবৃদ্ধি খানিকটা কমেছে। ওই অঞ্চলের সমন্বিত পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা ক্রয় ব্যবস্থাপকদের সূচক (পিএমআই) কমে ৫২ দশমিক ৭ পয়েন্টে নেমে এসেছে। জানুয়ারি মাসে সূচকটি ছিল ৫২ দশমিক ৯ পয়েন্ট।
সাধারণত পিএমআই সূচক ৫০ পয়েন্টের ওপরে থাকলে মনে করা হয়, অর্থনীতিতে সম্প্রসারণ প্রক্রিয়া চলছে। সেই হিসাবে অবশ্য ইউরো অঞ্চলে ব্যবসায়িক প্রবৃদ্ধি কমলেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে বলে ধরে নেওয়া যায়।
ইউরো অঞ্চলের বৃহত্তম ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি জার্মানির কোম্পানিগুলো ভালো করছে। তবে ফ্রান্সের কোম্পানিগুলো টানা চার মাস ধরেই নিম্নগামী প্রবণতায় রয়েছে। খবর বিবিসির।
মার্কিট নামের একটি সংস্থা ইউরো অঞ্চলের পাঁচ হাজার কোম্পানির ওপর পরিচালিত এক জরিপের ভিত্তিতেই এ সূচকটি তৈরি করেছে। জরিপে ৮৫ থেকে ৯০ শতাংশ প্রতিষ্ঠানই সাড়া দেয়।
জরিপ প্রতিবেদনে বলা হয়, টানা আট মাস ধরে ইউরো অঞ্চলে ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ছে।
ফেব্রুয়ারিতে তো কোম্পানিগুলো যে বিক্রয়াদেশ পেয়েছে, তা ২০১১ সালের জুনের পরে সর্বোচ্চ। আর কর্মসংস্থানও রয়েছে ২০১২ সালের জানুয়ারির পরে সবচেয়ে ভালো অবস্থানে।
এদিকে গত সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরো অঞ্চলে ২০১৩ সালের শেষ প্রান্তিকের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর আগের তিন মাসে ওই অঞ্চলের জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছিল শূন্য দশমিক ১ শতাংশ।