ইউরো জোনকে আর্থিক পুনরুদ্ধার তহবিল দ্বিগুণ করার আহ্বান
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) প্রধান এঞ্জেলো গুরিয়া ইউরো জোনকে তাদের অর্থনৈতিক পুনরুদ্ধার তহবিল দ্বিগুণ করতে বলেছেন।অ্যাঞ্জেলো গুরিয়া বলেছেন, ইউরো জোনের দেশগুলোর আর্থিক পুনরুদ্ধার তহবিলে অর্থের পরিমাণ বর্তমান ৫০ হাজার কোটি পাউন্ড থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ইউরোতে (এক লাখ ৩০ হাজার কোটি ডলার) উন্নীত করা উচিত।এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বার্তা সংস্থা বিবিসিকে জানান, তিনি এই তহবিল বাড়িয়ে অস্থায়ী ভিত্তিতে ৭০ হাজার কোটি ইউরো পর্যন্ত করার পক্ষপাতী। খবর বিবিসির।ইউরো জোনে ইতিমধ্যে গ্রিস, আইরিশ প্রজাতন্ত্র ও পর্তুগাল প্রভৃতি দেশ চলমান মন্দা মোকাবিলায় আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সর্বশেষ গ্রিস দ্বিতীয় দফায় ১৩ হাজার কোটি ইউরোর পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে। তবে গ্রিসকে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ এবং বন্ডহোল্ডারদের তাঁদের ঋণের অর্ধেকটা রাইট অফ বা অবলিখনে বাধ্য করার মধ্য দিয়ে এই প্যাকেজ নেওয়া হয়েছে।গত কয়েক মাসে আর্থিক বাজার শান্ত হয়ে এলেও ইতালি ও স্পেনের মতো বড় অর্থনীতির দেশগুলোকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ নিতে হবে বলে ধারণা করা হচ্ছে।এঞ্জেলো গুরিয়া এই সপ্তাহের শেষদিকে অনুষ্ঠেয় বৈঠকে ইউরো জোনের ১৭টি সদস্য দেশের অর্থমন্ত্রীদের আর্থিক পুনরুদ্ধার তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে যে তহবিলের প্রতিশ্রুতি রয়েছে তা বাজারে আস্থা ফিরিয়ে আনতে যথেষ্ট নয়। সে জন্য এসব দেশকে প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।গত মাসে জি২০ গোষ্ঠীর অর্থমন্ত্রীদের বৈঠকেও ইউরো জোনের দেশগুলোকে তাদের পুনরুদ্ধার তহবিলে অর্থের পরিমাণ বাড়ানোর আহ্বান জানানো হয়। কিন্তু এ ধরনের উদ্যোগ নিতে হলে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকেই আগে এগিয়ে আসতে হবে।