ইউরো জোনের ১৬টি দেশে বেকারত্ব বেড়ে ১০ শতাংশে উন্নীত
ইউরোপের একক মুদ্রা ব্যবহারকারী ১৬টি ইউরোপীয় দেশে গত ডিসেম্বরে বেকারত্বের হার বেড়ে ১০ শতাংশে উন্নীত হয়েছে। ১৯৯৯ সালে ইউরো চালুর পর এটিই হচ্ছে ওই অঞ্চলে সর্বোচ্চ বেকারত্বের হার।এর আগের অর্থাত্ ২০০৯ সালের নভেম্বর মাসেও ইউরো ব্যবহারকারী দেশগুলোতে (ইউরো জোন) বেকারত্বের হার প্রথমে ১০ শতাংশে আশঙ্কা করা হলেও পরে সংশোধিত প্রাক্কলনে ৯ দশমিক ৯ শতাংশ বলে উল্লেখ করা হয়।ইউরো জোনে বর্তমানে মোট এক কোটি ৫৮ লাখ মানুষ বেকার রয়েছে। ইউরোস্ট্যাট এ তথ্য পরিবেশন করেছে। তবে গোটা ইউরোপ তথা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ২৬টি দেশের বর্তমান বেকারের সংখ্যা হচ্ছে দুই কোটি ৩০ লাখ।তবে ইউরো জোনে এখন সর্বোচ্চ বেকারত্ব চলছে লাটভিয়ায়। এ দেশে বর্তমানে বেকারত্বের হার হচ্ছে ২২ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ দশমিক ৫ শতাংশ বেকারত্ব চলছে স্পেনে। এ ছাড়া এস্তোনিয়ায় বেকারত্বের হার হচ্ছে ১৫ দশমিক ২ শতাংশ।ইউরো জোনে বর্তমানে সবচেয়ে কম বেকারত্বের দেশ হলো নেদারল্যান্ড। দেশটির বেকারত্বের হার ৪ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে অস্ট্রিয়ায় ৫ দশমিক ৪ শতাংশ ও সাইপ্রাসে ৬ দশমিক ১ শতাংশ বেকারত্ব চলছে।বয়সের হিসাবে ২৫ বছরের কম বয়সীদের ২১ শতাংশই বর্তমানে বেকার। এর মধ্যে স্পেনে চলছে সর্বোচ্চ ৪৪ দশমিক ৫ শতাংশ বেকারত্ব।গত ডিসেম্বর মাসে ইউরো জোনে নতুন করে ৮৭ হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে। সূত্র: বিবিসি