ইউরোপ-আমেরিকায় সৈয়দপুরের পোশাক রপ্তানির উদ্যোগ
সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস বা তৈরি পোশাকের জন্য ইউরোপ-আমেরিকায় বাজার খোঁজার উদ্যোগ নিয়েছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন (এসএমই)।এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে পোশাকশিল্পের ওপর একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার প্রমাণ্যচিত্রটির শুটিং শুরু হয়েছে।এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক এস এম নুরুল আলম প্রথম আলোকে জানান, ক্ষুদ্র গার্মেন্টসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রামাণ্যচিত্রটি ইউরোপ-আমেরিকায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।সৈয়দপুরে ঝুট কাপড় দিয়ে তৈরি পোশাক ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয়েছে। এখানকার তৈরি ট্রাউজার, শর্টস, মোবাইল প্যান্ট, শার্ট, জ্যাকেট ইত্যাদি পোশাক রপ্তানি হচ্ছে ভারত, নেপাল ও ভুটানে। এই বাজার আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।সৈয়দপুর রপ্তানিমুখী গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান জানান, গত অর্থবছরে এখানকার ব্যবসায়ীরা তৈরি পোশাক রপ্তানি করে প্রায় ১৫ কোটি টাকা আয় করেছেন। ব্যাংকিং খাত থেকে সহজ শর্তে ঋণ পাওয়া গেলে শ্রমঘন এই শিল্পের আরও বিকাশ ঘটবে এবং তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে।ছাইদুর রহমান আরও জানান, এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে সৈয়দপুরের তৈরি পোশাকশিল্প খাতকে উত্সাহিত করতে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেছে।উদ্যোক্তা রেয়াজ আলম বাবু বলেন, সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস শিল্পে বর্তমানে ৩০ হাজারের বেশি শ্রমিক কাজ করছেন। যদি এখানে সরকারি উদ্যোগে একটি পোশাকপল্লি গড়ে ওঠে, তাহলে আরও বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।