অভিমত: নতুন বছরের প্রত্যাশা
ইউরোপ-যুক্তরাষ্ট্রে ব্যবসা আরও বাড়বে
নতুন আরেকটি বছর শুরু। নতুন বছর মানেই নতুন আশা। ফেলে আসা বছরের অভিজ্ঞতা থেকে নতুন বছরে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন আশা দেখছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
বিদায়ী বছরের শুরুতে আমরা খুবই অস্থিরতায় ছিলাম। কারণ, তখন করোনার প্রকোপ প্রকট ছিল। তবে শেষ পর্যন্ত ব্যবসা-বাণিজ্য অনেক ভালো হয়েছে। প্রতিষ্ঠান হিসেবে আমরা কৃষি খাত নিয়ে অনেক কাজ করি। বিদায়ী বছরে কৃষকেরা উৎপাদন কাজে ব্যাপকভাবে মনোযোগী থাকায় আমাদের কাজটি সহজ হয়েছে। খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল। প্রচুর পরিমাণে কৃষিপণ্য আমরা পেয়েছি।
মানুষের হাতে অর্থের জোগান ভালোভাবে আছে। গ্রামীণ অর্থনীতি অনেক চাঙা। আশা করি, চলতি বছর আমরা আরও ভালো করব। আমরা ব্যবসায়ীরা যদি ইতিবাচক মনোভাব নিয়ে ব্যবসা শুরু না করি, তাহলে কিন্তু বছরটা ভালো যায় না। অবশ্যই আমরা ইতিবাচক মনোভাব নিয়ে বছরটা শুরু করতে যাচ্ছি। আমার মনে হচ্ছে, আমরা খুবই ভালো করব। রপ্তানি পণ্যের চাহিদা বেশ ভালো থাকবে। আমাদের প্রধান বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ব্যবসা আরও বাড়বে।
চলতি বছর ভারতের সঙ্গে ব্যবসা আরও ভালো হবে। পার্শ্ববর্তী এ দেশে রপ্তানি বাড়াতে আমাদের প্রত্যাশা, পণ্য পরিবহনে রেল ও নৌ-যোগাযোগ ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে উন্নত করতে হবে। যাতে করে আমাদের কারখানার নিকটবর্তী জায়গা থেকে রেলে পণ্য উঠে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে পারে। এ নিয়ে আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলেছি। তারা ইতিবাচক। রপ্তানি বহুমুখীকরণে আমাদের সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
করোনাকালে আমরা পণ্য রপ্তানিতে অনেক নতুন ক্রেতার ক্রয়াদেশ পেয়েছি। পণ্য সরবরাহে চীন, ভারত ও পাকিস্তানের চেয়ে আমরা ভালো করেছি। সব মিলিয়ে করোনার মধ্যে বাংলাদেশের শিল্পকারখানা ভালো করেছে। তাই মহামারি–পরবর্তী সময়েও আমরা ভালো করব।
বিদায়ী বছর সরকারি সংস্থাসহ অন্য সবার মধ্যে একটি ইমার্জেন্সি (জরুরি) মনোভাব ছিল। ব্যবসা কীভাবে টিকিয়ে রাখব ও কৃষি উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায়, তা নিয়ে সবাই মনোযোগী ছিলেন। সবার এ মনোভাব ধরে রাখার চেষ্টা থাকতে হবে।
আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপ