ইউরোপীয় অঞ্চলে মন্দা ও ঘাটতি অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ জাতির ইউরো জোন বা ইউরোপীয় অঞ্চলে চলতি ২০১৩ সালেও অর্থনৈতিক মন্দা, বাজেট ঘাটতি ও প্রবৃদ্ধি হ্রাসের প্রবণতা অব্যাহত থাকবে। ইউরোপীয় কমিশনের (ইসি) সর্বশেষ পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে। ইসির মতে, ইউরো অঞ্চলের দেশগুলো এখন ব্যয় কমানোর লড়াইয়ে অবতীর্ণ রয়েছে। এর মধ্যে স্পেন, ফ্রান্স, পর্তুগাল প্রভৃতি দেশ জোটের মতৈক্য অনুযায়ী তাদের বাজেট ঘাটতি কমাতে ক্রমাগত ব্যর্থ হচ্ছে। খবর বিবিসির।স্পেনের বাজেট ঘাটতি ২০১২ সালে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ২ শতাংশে উঠেছে, যা ৬ দশমিক ৩ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ শতাংশের মতো বেশি। দেশটির বাজেট ঘাটতি ২০১৪ সাল পর্যন্তও লক্ষ্যমাত্রার ওপর থাকবে।ইসির পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে ইউরো অঞ্চলের অর্থনীতি সার্বিকভাবে শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে, যা সরকারগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডকে কঠিনতর করে তুলবে।এর আগে অবশ্য ইসির প্রাক্কলনে ইউরো অঞ্চলের দেশগুলোতে এ বছরে শূন্য দশমিক ১ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনের কথা বলা হয়েছিল। ২০১২ সালে এ অঞ্চলের অর্থনীতি শূন্য দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়।ইসির শীতকালীন পূর্বাভাস প্রকাশকালে এর ভাইস প্রেসিডেন্ট ওলি রেহন বলেন, ইউরো অঞ্চলে বেকারত্বের হার বেড়ে এ বছরে ১২ দশমিক ২ শতাংশে উন্নীত হতে পারে। গত বছরে এই হার ছিল ১১ দশমিক ৪ শতাংশ।তবে আশাবাদের কথাও শুনিয়েছেন ওলি রেহন। তিনি বলেন, চলতি বছরের শেষ তিন মাস তথা চতুর্থ প্রান্তিকে এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়ে শূন্য দশমিক ৭ শতাংশ হতে পারে।ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের এ বক্তব্য কিন্তু ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ম্যারিও দ্রাঘির চেয়ে কিছুটা হতাশাজনক। কারণ, ম্যারিও দ্রাঘি গত মাসে জানান যে চলতি বছরের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইউরো অঞ্চলের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে তিনি বিশ্বাস করেন।ইতিপূর্বে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউরো অঞ্চলের অর্থনীতি যত খারাপ অবস্থায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছিল, এখন তার চেয়েও বেশি সঙ্গিন হওয়ার আশঙ্কা করছে ইসি।এদিকে ইউরো অঞ্চলের আর্থিক পুনরুদ্ধার ও ব্যয় সংকোচনের নীতি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।