ইউরোপীয় ইউনিয়নের আদলে আসিয়ান অর্থনৈতিক জোট
২০১৫ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের মতো একটি স্বকীয় রাজনৈতিক ও অর্থনৈতিক জোট গড়ে তোলার অভিপ্রায় নিয়ে আজ বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকে মিলিত হচ্ছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) ১৬টি দেশের সরকারপ্রধানেরা।এ জোটের লক্ষ্য পৃথিবীর অন্যতম উদীয়মান অর্থনৈতিক অঞ্চলকে ঐক্যবদ্ধ করে দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধিকে বেগবান করা। আসিয়ান অঞ্চল ইতিমধ্যেই বিনিয়োগ করার উদ্দেশ্যে সারা বিশ্বের বিনিয়োগকারীদের সবচেয়ে পছন্দের জায়গা। এর পাশাপাশি এ অঞ্চলের পুঁজিবাজারগুলোও সবচেয়ে দ্রুত বর্ধনশীল।বৃহস্পতিবার শুরু হতে যাওয়া আসিয়ান দেশগুলোর এ সম্মেলনে এশিয়ার তিন বৃহত্ অর্থনৈতিক শক্তি—চীন, জাপান ও ভারতের প্রতিনিধিরা অংশ নেবেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী শনিবার আসিয়ান সম্মেলনের তৃতীয় দিন ১৬ দেশের সরকারপ্রধানদের সঙ্গে যোগ দেবেন। হিলারির এ বৈঠকে অংশগ্রহণ এশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক আগ্রহেরই প্রতিফলন। যদিও এ অঞ্চল থেকে চীনের বৃহত্ অর্থনৈতিক শক্তি হয়ে ওঠাটা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও স্বস্তিপ্রদ নয়।সাম্প্রতিককালে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে চীন ও জাপানের মধ্যকার কূটনৈতিক বিরোধও বৃহস্পতিবার হ্যানয়ে শুরু হতে যাওয়া আসিয়ান সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকেরা মনে করেন।বিশ্বের সাম্প্রতিক সময়ে চলমান মুদ্রা-যুদ্ধ এবারের আসিয়ান সম্মেলনের এজেন্ডার মধ্যে নেই। তবে ব্যাপারটি নিয়ে মূল বৈঠকের বাইরের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আসিয়ানের মহাসচিব সুরিন পিতসুয়ান বলেন, আসিয়ানভুক্ত দেশগুলো বৃহত্ অর্থনৈতিক শক্তিগুলোর দয়া-দাক্ষিণ্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। আসিয়ানভুক্ত অনেক দেশই মনে করে তারা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা মুদ্রা-যুদ্ধের শিকার।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ছাড়াও এ বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশ নেবেন। তিনি আগামী শনিবার হ্যানয়ে পৌঁছবেন। এ ছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ বৈঠকে অংশ নিতে বর্তমানে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রয়েছেন।—রয়টার্স