ইউরোপে কৃষিপণ্যের বিপণনে সহায়তা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সহযোগিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।কৃষিপণ্যের বিপণনকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে অভিহিত করে মন্ত্রী আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন সেখানকার বাজারে আমাদের কৃষিপণ্য কীভাবে বিপণন করা যায়, সে বিষয়ে আমাদের সহযোগিতা করতে পারে।’ খবর ইউএনবির।আব্দুর রাজ্জাক আরও বলেন, বর্তমান বাজার ব্যবস্থার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার খোরাকি কৃষকদের বাণিজ্যিক কৃষককে পরিণত করতে চেষ্টা করছে।গতকাল মঙ্গলবার রাজধানীর আইডিবি ভবনে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ আয়োজিত প্রকল্প পরিচিতি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষকেরা তাঁদের পণ্যের সঠিক দাম সব সময় পান না। তিনি কৃষকদের বৃহত্তর স্বার্থে সমন্বিত কৃষি প্রকল্প গ্রহণ করার আহ্বান জানান।প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বীণা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি স্টিফেন ডেভিড, সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নকারী উন্নয়ন সংস্থা ‘বাসা’র নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং ভিপিকের নির্বাহী পরিচালক আবদুস সাত্তার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের অর্থ ও বাণিজ্য বিভাগের প্রধান ওয়াহিদুজ্জামান বাবর। কর্মশালায় জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সিরাজগঞ্জ জেলায় ‘বাসা’ (বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) এবং রাজবাড়ী জেলায় ‘ভিপিকেএ’ (ভলানটারি পরিবার কল্যাণ অ্যাসোসিয়েশন)—এ দুটি স্থানীয় উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০১০ সালের মার্চ থেকে শুরু হওয়া এ প্রকল্পটি শেষ হবে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে সিরাজগঞ্জ জেলার তিনটি উপজেলা তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ এবং রাজবাড়ী জেলার তিনটি উপজেলা রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দির একফসলি এলাকার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের খাদ্য উৎপাদন ও কর্মসংস্থানের মাধ্যমে খাদ্যনিরাপত্তা ও জীবন-জীবিকার উন্নয়ন ঘটবে। দুটি জেলার মোট ১৫ হাজার পরিবারের ৭৫ হাজার সদস্য এ প্রকল্পের উপকারভোগী।প্রকল্পের লক্ষ্য অর্জিত হলে ২০১১ সালের মধ্যে প্রকল্পের উপকারভোগীদের শতকরা ৬০ ভাগ আয় বৃদ্ধি পাবে, স্থানীয়ভাবে খাদ্যের মজুদ শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পাবে এবং বছরে কমপক্ষে ১০০ দিনের অতিরিক্ত কাজের সুযোগ সৃষ্টি হবে।