ইউরোপে পণ্য পরিবহন নিয়ে নতুন জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশপথে কার্গো পরিবহনসেবায় উচ্চ ঝুঁকির দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় কমিশন। সে জন্য বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশে পণ্য বা চিঠিপত্র পাঠাতে তৃতীয় দেশে নিরাপত্তা তল্লাশি বা স্ক্যান করাতে হবে। ১ জুন থেকে এটি কার্যকর হয়েছে বলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সূত্র জানিয়েছে।

জানা যায়, নিরাপত্তা ঘাটতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন। এই উচ্চ ঝুঁকির তালিকা থেকে মুক্তি পেতে হলে বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) বসাতে হবে। ইডিএস দিয়ে কার্গো বিমানে তোলার আগে পণ্যসামগ্রী স্ক্যান করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। গত বছর নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছিল অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও জার্মানি।

সিএএবি সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীর সঙ্গে গত সোমবার বৈঠক করে ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তটি জানান। এ সময় চেয়ারম্যান বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন। একই সঙ্গে চেয়ারম্যান রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরে ইডিএস যন্ত্র বসানো হবে।

>আকাশপথে কার্গো পরিবহনসেবায় উচ্চ ঝুঁকির দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় কমিশন

বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। গত বছর ২ হাজার ৮৬৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এর মধ্যে ৬২ দশমিক ৬০ শতাংশ বা ১ হাজার ৭৯৪ কোটি ডলারের পোশাক যায় ইইউভুক্ত দেশগুলোতে। ফলে কার্গো পরিবহনে উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। তাঁরা বলেন, আর্থিক ক্ষতির চেয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বেশি।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘পোশাক রপ্তানির ১০-১৫ শতাংশ উড়োজাহাজে যায়। তবে আমাদের দেশ থেকে অধিকাংশ কার্গো তৃতীয় দেশ হয়েই ইইউর বিভিন্ন দেশে যায়। তৃতীয় দেশে স্ক্যান করতে হলে খরচ কিছুটা বাড়বে। তবে তার চেয়ে বেশি নষ্ট হবে আমাদের ভাবমূর্তি। সব মিলিয়ে বলা যায়, ব্যবসা বাধাগ্রস্ত হবে।’

সিদ্দিকুর রহমান বলেন, এক থেকে দেড় বছর ধরে বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এত দিনেও কেন প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হলো না। সদিচ্ছা থাকলে এমনটি হওয়ার কথা নয়।

এ বিষয়ে জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘এটি সদিচ্ছা ও ঘুমিয়ে থাকার ফল। আমরা চার লাখ কোটি টাকা বাজেট ঘোষণা করতে পারি আর কয়েক কোটি টাকার একটি যন্ত্র কিনতে পারি না, এটা কেমন কথা।’ তিনি বলেন, উচ্চ ঝুঁকির তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার ভয়াবহ প্রভাব পড়তে পারে। এতে ব্যবহারিক সমস্যা চেয়ে ভাবমূর্তির সংকট তৈরি করবে। বহির্বিশ্বে আমরা অনিরাপদ দেশ হিসেবে পরিচিত হয়ে উঠতে পারি।’