ইউরোপে প্রশিক্ষণ নিলেন ৩৫ পোশাক কারখানার মালিক ও কর্মকর্তা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৈরি পোশাকের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এলেন ৩৫টি কারখানার ৫৫ জন উদ্যোক্তা ও উচ্চপর্যায়ের কর্মকর্তা।
ফ্রান্সের রাজধানী প্যারিস ও নেদারল্যান্ডসের হেগ শহরে ছয় দিনের সেমিনারে অংশ নেন বাংলাদেশের পোশাকশিল্পের এসব উদ্যোক্তা ও কর্মকর্তা। সেমিনারে ইইউর উচ্চমূল্যের বাজারে কীভাবে পণ্য নিয়ে প্রবেশ করা যায়, তা তুলে ধরার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উপায়, সামাজিক দায়বদ্ধতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
দ্য সেন্টার ফর প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিস (সিবিআই) ‘এক্সপ্রো’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। সিবিআই হলো নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত ও নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির একটি অঙ্গপ্রতিষ্ঠান।
গত ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর হেগ ও প্যারিসে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া প্যারিসে তিন দিনের একটি প্রদর্শনীতে বাংলাদেশের ১৫টি তৈরি পোশাক কারখানা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন করে।
হেগে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও সহসভাপতি শহিদউল্লাহ আজিম বক্তব্য দেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক।