ইউরোপের বাজারে বাংলাদেশি সাইকেল পঞ্চম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি বাইসাইকেল বিশ্ববাজারে জোরালো অবস্থান করে নিয়েছে। রপ্তানির দিক থেকে ইউরোপের বাজারে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রায় প্রতিবছরই এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি বাড়ছে। বিদেশে ক্রমবর্ধমান চাহিদার কারণে সম্ভাবনাময় এই শিল্পকে সরকারও অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, গত ২০১০-১১ অর্থবছরে বাইসাইকেল রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার (নয় কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার)। এটি অবশ্য বার্ষিক লক্ষ্যমাত্রার থেকে প্রায় ৩৬ শতাংশ কম।আবার এর আগের অর্থবছর অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে সাইকেল রপ্তানি থেকে আয় হয়েছিল ১১ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছর রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ। মূলত ইউরোপের বাজারে মন্দাভাব এবং দেশে উৎপাদনকাজে জ্বালানিসংকটের প্রতিবন্ধকতার কারণে গত অর্থবছরে রপ্তানির প্রবণতা কিছুটা নিম্নমুখী হয়।অন্যদিকে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাই মাসে ৭৯ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। রপ্তানিকারকেরা আশা করছেন, ইউরোপের বাজার-পরিস্থিতির উন্নতি হলে তাঁদের রপ্তানিও বাড়বে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১৯৯৫-৯৬ অর্থবছরে তাইওয়ানের কোম্পানি আলিতা বাংলাদেশ লিমিটেড স্বল্প পরিসরে বাংলাদেশ থেকে বাইসাইকেল রপ্তানি শুরু করে। পরে এই ধারায় যুক্ত হয় মেঘনা গ্রুপ। বর্তমানে দেশের মোট বাইসাইকেল রপ্তানির সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটি।ইউরোপের বাজার: ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয়ের (ইউরোস্ট্যাট) তথ্য অনুসারে, ২০১০ সালে বাইসাইকেল রপ্তানিতে অভাবনীয় অগ্রগতি করেছে বাংলাদেশ। ২০০৯ সালে যেখানে ইউরোপে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ছিল নবম, সেখানে গত বছর বাংলাদেশ পঞ্চম স্থানে উঠে এসেছে।ইউরোস্ট্যাট থেকে দেখা যায়, ২০০৮ ও ২০০৯ সালে বাংলাদেশ যথাক্রমে তিন লাখ ৭১ হাজার ও চার লাখ ১৯ হাজারটি বাইসাইকেল রপ্তানি করে। অন্যদিকে ২০০৭ সালে এই পরিমাণ ছিল তিন লাখ ৫৫ হাজার। আর গত বছর তা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ তিন হাজারে। সেই হিসাবে ২০০৯ সালের চেয়ে গত বছর রপ্তানি বেড়েছে প্রায় ২০ শতাংশ।তবে ইউরোপের বাজারে রপ্তানির শীর্ষে আছে তাইওয়ান। গত বছর দেশটি ৩৩ লাখ ৫৮ হাজার বাইসাইকেল রপ্তানি করে। এর পরের অবস্থানে আছে যথাক্রমে থাইল্যান্ড (১২ লাখ ১৮ হাজার); শ্রীলঙ্কা (১২ লাখ এক হাজার) ও ইন্দোনেশিয়া (পাঁচ লাখ ৫০ হাজার)। তবে রপ্তানিতে বাংলাদেশের পেছনে আছে ফিলিপাইন, চীন, তিউনেশিয়া, কম্বোডিয়া ও মালয়েশিয়া।বিশ্বমানের বাইসাইকেল: মেঘনা গ্রুপ ছাড়াও জার্মান বাংলা, আলিতা ও নর্থবেঙ্গল নামের প্রতিষ্ঠানগুলো ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে তাদের কারখানা থেকে উৎপাদিত সাইকেল বিদেশে রপ্তানি করছে।রপ্তানিকারকেরা জানান, বর্তমানে ফ্রিস্টাইল, মাউন্টেন ট্র্যাকিং, ফ্লোডিং, চপার, রোড রেসিং, টেন্ডমেড (দুজনে চালাতে হয়) নামের বাইসাইকেল রপ্তানি হচ্ছে।এসব সাইকেল তৈরির জন্য কিছু যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হলেও বেশির ভাগ যন্ত্রাংশই দেশে তৈরি হচ্ছে। বিশেষত চাকা, টিউব, হুইল, প্যাডেল, হাতল, বিয়ারিং, আসন তৈরি করছে প্রতিষ্ঠানগুলো।আবার আগে সাইকেলের কাঠামো তৈরিতে স্টিল ব্যবহার হলেও এখন অ্যালুমিনিয়াম ব্যবহার করা হচ্ছে।ইউরোপের বিশাল বাজার থাকায় প্রতিবছরই উৎপাদন বাড়ছে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর। এমনকি বিদেশের নামী ব্র্যান্ডগুলো কার্যাদেশ দিয়ে বাংলাদেশ থেকে তাদের সাইকেল তৈরি করে নিচ্ছে।মেঘনা গ্রুপের কথা: দেশে পাঁচটি প্রতিষ্ঠান বর্তমানে বাইসাইকেল রপ্তানি করছে। এর মধ্যে মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই করছে মেঘনা গ্রুপ। ১৯৯৬ সালে তেজগাঁওয়ে সরকারি বাইসাইকেল তৈরির প্রতিষ্ঠানটি কিনে নেয় মেঘনা গ্রুপ।এরপর ১৯৯৯ সাল থেকে রপ্তানি শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে রেড, ফেরাল ও ইনিগো—এই তিন ব্র্যান্ডের মাধ্যমে ইউরোপ ছাড়াও দক্ষিণ আফ্রিকার কঙ্গো, গ্যাবন ও আইভরি কোস্টে সাইকেল রপ্তানি করেছে তারা।বছরে গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ বাইসাইকেল উৎপাদন করছে মেঘনা। প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এ বছর তাঁদের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ সাইকেল তৈরি করা। ১০০ থেকে শুরু করে ৩১৫ ডলার মূল্যে সাইকেল তৈরি করছেন তাঁরা। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে প্রায় পাঁচ হাজার লোক কাজ করে। স্থানীয় বাজারের চাহিদা মেটাতে শিগগিরই প্রতিষ্ঠানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আলাদা একটি কারখানা চালু করতে যাচ্ছে।মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক আবদুল হালিম খান প্রথম আলোকে বলেন, দেশের মানুষের ক্রয়ক্ষমতার ও রাস্তাঘাটের কথা বিবেচনা করে রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারের জন্য সাইকেল উৎপাদন করবে মেঘনা। ফলে, পাঁচ থেকে ২৩ হাজার টাকার মধ্যে উন্নতমানের সাইকেল ব্যবহার করতে পারবে দেশের মানুষ। তবু আমদানি: দেশে উৎপাদিত বাইসাইকেলের পুরোটাই প্রায় বিদেশে রপ্তানি হয়। ফলে, দেশের চাহিদা মেটাতে বিদেশ থেকে সাইকেল আমদানি করতে হয়। রাজধানীর বংশালে এ রকমই একটি বিশাল বাজার গড়ে উঠেছে। ব্যবসায়ীরা দেশের বাইরের থেকে বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেন। তারপর এখানে তা সংযোজন করা হয়।বংশালের একাধিক বাইসাইকেল ব্যবসায়ী জানান, দেশের রাস্তাঘাট, আবহাওয়া ও মানুষের ক্রয়ক্ষমতার ওপর লক্ষ রেখে তাঁরা আমদানি করেন। বর্তমানে মূলত চীন ও ভারত থেকে বাইসাইকেল ও এর বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করেন।বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্টস অ্যাসেম্বলিং অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের জ্যৈষ্ঠ সহসভাপতি মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশের বাইরে বাইসাইকেলের ব্যাপক চাহিদা আছে। তাই দেশের রপ্তানিকারকেরা মূলত রপ্তানিমান সম্পন্ন ও অধিক মূল্যের বাইসাইকেল তৈরি করেন।তিনি আরও বলেন, দেশীয় বাজারের কথা চিন্তা করে উদ্যোক্তারা যদি কম মূল্যের টেকসই বাইসাইকেল তৈরি করেন, তবে আমদানি করার কোনো প্রয়োজন নেই।বাংলাদেশ বাইসাইকেল ও যন্ত্রাংশ প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির এক সদস্য বলেন, ‘সরকার এই খাতকে অগ্রাধিকার দিয়ে ১৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। কিন্তু এর সঙ্গে নানা ধরনের শর্ত জুড়ে দেওয়ার কারণে সুবিধাটি নিতে পারছি না আমরা।’এ ছাড়া বিদ্যুৎ ও গ্যাসসংকটের সঙ্গে বর্তমানে যোগাযোগ খাতের দুরবস্থার কারণে সময়মতো জাহাজীকরণ করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন একাধিক উদ্যোক্তা। তাঁরা আরও বলেন, কমলাপুর থেকে কন্টেইনারের সুবিধা নিতে তাঁদের বিভিন্ন ধরনের ঝক্কি পোহাতে হয়। উদ্যোক্তারা জানান, আমেরিকা ও ইউরোপে ৬০০ কোটি ডলারের বাইসাইকেলের বাজার আছে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বাহন হওয়ার কারণে এই বাজার ভবিষ্যতে আরও বাড়বে। সে হিসাবে এই খাতে বিশ্ববাজারটি অনেক বিশাল। ফলে, বাংলাদেশের জন্যও রপ্তানির বাজার বাড়ানোর সুযোগ রয়েছে।তবে এই সুযোগ কাজে লাগাতে বড় উদ্যোক্তাদের এগিয়ে আসা এবং সরকারের সুনজর প্রয়োজন বলে মনে করেন তাঁরা।