ইউরোপের সংকটে এশিয়ার অর্থনীতি ঝুঁকির মুখে
ইউরোপের আর্থিক সংকট থেকে বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝুঁকি তৈরি হয়েছে, তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, বরং এর প্রভাবে এশিয়ার রপ্তানিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।চীনের বন্দরনগর তিয়ানজিনে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক আলোচনায় বিশেষজ্ঞরা গতকাল এ আশঙ্কা প্রকাশ করেন। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও শিল্পপতিরা এই ফোরামে একত্র হয়েছেন। তাঁদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক ঝু মিন বলেন, ‘এই সংকট অনেকদূর পর্যন্ত যেতে পারে। আর তাই তিন বছরের মধ্যে ইউরোপে দ্বিতীয় মন্দার ঝুঁকি দেখা দিয়েছে। এটি বিশ্ব প্রবৃদ্ধির জন্য দুঃসংবাদ।’ঝু মিন আরও বলেন, এশিয়ার মোট রপ্তানিপণ্যের এক-তৃতীয়াংশ যায় ইউরোপে। সুতরাং, ইউরোপের সংকট সঠিকভাবে পর্যালোচনা করা জরুরি। ঝু বলেন, ‘যখন ইউরো-অঞ্চলের প্রবৃদ্ধির হার শূন্যতে নামে, তখন এই অঞ্চলের (এশিয়ার) প্রবৃদ্ধির হারও শূন্যে নেমে আসে। এটা অত্যন্ত তাৎপর্যবহ।’ইউরোপের চাহিদা কমে যাওয়ার প্রভাবে এশিয়ার বিভিন্ন দেশে ইতিমধ্যে উদ্দীপনামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। বিনিয়োগ ও ব্যয় বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা চাঙা করার মাধ্যমে রপ্তানির বিপর্যয় রোধ করাই হলো এর উদ্দেশ্য।এদিকে চীন সরকার জানিয়েছে যে, প্রয়োজন হলে তারা ব্যয় বাড়াবে। গত সপ্তাহেই ১৫ হাজার কোটি ডলারের কিছু অবকাঠামো বিনির্মাণ প্রকল্প হাতে নিয়েছে তারা।বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গতকাল বলেছেন, তাঁর সরকার অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যদিও অর্থনীতিবিদেরা অনেকেই মনে করছেন যে, এসব পদক্ষেপ নিয়েও চীনের পক্ষে এ বছর সাড়ে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। তবে জিয়াবাও এই আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, চীনের অর্থনৈতিক উন্নয়নপ্রবণতা ভালো। প্রবৃদ্ধি এখনো লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সাযুজ্যপূর্ণ ধারাতেই আছে।এদিকে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি দক্ষিণ কোরিয়া ৫২০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থের নতুন একটি আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ হাতে নিয়েছে।দেশটিতে অব্যাহতভাবে রপ্তানি কমে যাওয়ার কারণে অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ার পরিস্থিতিতে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যাতে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা করে তোলা যায়।এর আগে গত জুন মাসে দক্ষিণ কোরীয় সরকার ৭০০ কোটি ডলারের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ হাতে নিয়েছিল।নতুন প্যাকেজের আওতায় জনগণকে কর ছাড় দেওয়া হবে। এর পাশাপাশি বাড়ি-গাড়ি কেনার ক্ষেত্রেও তাঁরা ছাড় পাবেন।দক্ষিণ কোরিয়ার রপ্তানি আয়ের পরিমাণ এর মোট অর্থনৈতিক কর্মকাণ্ড বা উৎপাদনের প্রায় অর্ধেকের সমান। প্রধান রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১৭টি দেশকে নিয়ে গঠিত ইউরো-অঞ্চলে চাহিদা কমায় বেকায়দায় পড়ে দেশটি। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া জানায় যে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ঋণাত্মক প্রভাব পড়েছে। দেশটির অর্থমন্ত্রী বাহ্ক জ্যা-ওয়্যান বলেছেন যে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে তাদের ওপরও প্রভাব পড়ছে। বিশেষ করে ইউরো-অঞ্চলে অর্থনৈতিক সংকট ধারণার চেয়েও বেশি সময় ধরে প্রলম্বিত হওয়ায় এবং উন্নত ও উন্নয়নশীল বিশ্বের অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকায় এমন অবস্থা দেখা দিয়েছে। সূত্র: বিবিসি ও রয়টার্স।