ইউরোর বিপরীতে ডলারের দরে ব্যাপক ওঠানামা
দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে গত সপ্তাহে সরাসরি লেনদেনে স্থানীয় টাকার বিপরীতে মার্কিন ডলারের দর ১৯ পয়সা বেড়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭২ টাকা ৮৯ পয়সা থেকে ৭২ টাকা ৯৮ পয়সায় লেনদেন হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৭৩ টাকা ১০ পয়সা থেকে ৭৩ টাকা ১৫ পয়সায় লেনদেন হতে দেখা যায়। আন্তর্জাতিক বাজারে গত সোমবার ইউরোপের একক মুদ্রা ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দর ব্যাপকভাবে পড়ে যায়। ২০০৯ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো এদিন প্রতি ইউরো ১ দশমিক ৪৮৯২ ডলারে লেনদেন হয়। পরের দিন মঙ্গলবার ইউরোর বিপরীতে ডলারের বিনিময়হার গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার চেয়ে খারাপ হওয়ায় বিনিয়োগকারীরা ধরেই নেন, মার্কিন সুদের হার আপাতত শূন্যের কাছাকাছিই থাকবে, যে কারণে ইউরোর পাশাপাশি জাপানি ইয়েনের বিপরীতেও ডলারের বিনিময়হার আরও পড়ে যায়। এ সময় ডলারের বিপরীতে ইয়েনের দর ছয় সপ্তাহের সর্বোচ্চে চলে যায়। আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শেষ কর্মদিবস তথা শুক্রবার প্রতি ইউরো ১ দশমিক ৪৩১৩ ডলারে, প্রতি ডলার শূন্য দশমিক ৮৭৯৩ সুইস ফ্রাঁতে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬৩৭৩ ডলারে এবং প্রতি ডলার ৮০ দশমিক ৬৪ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।